
বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতনের অভিযোগ তুলে তাঁদের নিরাপত্তা ও সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে বাংলাদেশ উপহাইকমিশনের সামনে বিক্ষোভ করেছে ‘বিবেকানন্দ মিশন সেবা প্রতিষ্ঠান’। আজ শনিবার দুপুর ১২টার দিকে বিবেকানন্দ মিশনের সদস্যরা হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে শিয়ালদহ স্টেশন থেকে কলকাতার পার্ক সার্কাস এলাকার বাংলাদেশ উপহাইকমিশনের দিকে রওনা হয়। এই মিছিলের পেছনে ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অব ইন্ডিয়ার (এনসিপিআই) সদস্যরাও একই দাবিতে আলাদা মিছিল নিয়ে এগোতে থাকেন।
পুলিশ উপহাইকমিশনের অদূরে বেকবাগান মুখে এবং উপহাইকমিশনের ফটকের কাছের দুটি জায়গায় ব্যারিকেড দিয়ে মিছিল আটকে দেয়। এ সময় মিছিলকারীরা স্লোগান দিয়ে ব্যারিকেড ভাঙতে গেলে পুলিশ তা আটকে দেয়। এই বিক্ষোভে অংশ নেন কিছু সাধুসন্তও।
এরপর বিক্ষোভকারীরা উপহাইকমিশনের অদূরে সড়কের ওপর বসে পড়েন। বিক্ষোভে অংশগ্রহণকারীদের ছয়জন উপহাইকমিশনে গিয়ে দাবিসংবলিত একটি স্মারকলিপি জমা দেন।
এনসিপিআইয়ের সদস্যরা বিক্ষোভ মিছিলের পেছনের দিকে থাকলেও বিবেকানন্দ মিশনের সদস্যরা আপত্তি তোলেন। কিছু সাধু দাবি করেন আজকের এই বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি সম্পূর্ণ অরাজনৈতিক। তাই কোনো দলকে তাঁরা এই বিক্ষোভে শামিল হতে দিতে পারেন না।