গর্গ চট্টোপাধ্যায়
গর্গ চট্টোপাধ্যায়

পশ্চিমবঙ্গে ইভিএম নিয়ে মন্তব্যের জেরে গ্রেপ্তার গর্গ চট্টোপাধ্যায় জামিন পেলেন

পশ্চিমবঙ্গের বাংলা জাতীয়তাবাদী সংগঠন বাংলা পক্ষের প্রতিষ্ঠাতা সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় জামিন পেয়েছেন। আজ শুক্রবার দুই হাজার টাকার বন্ডে তাঁর অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন কলকাতার একটি আদালত। এর আগে গত ১২ মে কলকাতা পুলিশের সাইবার সেল তাঁকে গ্রেপ্তার করেছিল।

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে নানা প্রশ্ন তুলেছিলেন গর্গ চট্টোপাধ্যায়। তিনি প্রশ্ন করেন, ভোটের আগের রাতে ইভিএম সিল করে রাখার পরও ভোট গণনার সময় তা কেন নষ্ট হচ্ছে। ভোট দেওয়ার পর নির্দিষ্ট দলকে ভোটদানের বিষয়টি নিশ্চিত করতে ভিভিপ্যাট (ইভিএমে যুক্ত একটি যন্ত্র, যার মাধ্যমে ভোটাররা নিশ্চিত হতে পারেন যে তাঁদের দেওয়া ভোটটি সঠিক প্রার্থী বা দলে জমা হয়েছে কি না) স্লিপ দেখে নেওয়ারও আহ্বান জানান তিনি।

তদন্তকারী কর্মকর্তারা বলছেন, নির্বাচন চলাকালে ইভিএম–সংক্রান্ত গর্গের মন্তব্য নির্বাচনী আচরণবিধি ও সাইবার আইনের লঙ্ঘন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর ওই পোস্ট নিয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে মধ্য কলকাতার ময়দান থানায় অভিযোগ করা হয়েছিল। পরে কলকাতা পুলিশের সাইবার অপরাধ দমন বিভাগে আইনভঙ্গের অভিযোগটি যায়। নির্বাচন শেষ হওয়ার এক সপ্তাহ পর ১২ মে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। পাঁচ দিন পুলিশ হেফাজতে থাকার পর গ্রেপ্তারের ১০ দিনের মাথায় তিনি জামিন পেলেন।

এর আগে নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণ ও মিছিল করার অনুমতি না দেওয়ার অভিযোগ করেছিল বাংলা পক্ষ। গর্গ ও তাঁর সংগঠন বাংলা পক্ষ কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে বাঙালিদের পক্ষে এবং অবাঙালিদের পশ্চিমবঙ্গে জমি ও ব্যবসা দখল করে বাঙালিদের ক্রমে হটিয়ে দেওয়ার মতো বিষয়ের বিরুদ্ধে লাগাতার আন্দোলন করছে।