কংগ্রেসের বার্তা

জোট হোক ইউপিএর মতো, তৃতীয় ফ্রন্টে বিজেপির সুবিধা

দলের তিন দিনব্যাপী পূর্ণাঙ্গ অধিবেশনে সোনিয়া গান্ধীর সঙ্গে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে
ছবি: টুইটার থেকে নেওয়া

ভারতে বিজেপিকে হারাতে ইউপিএ (কংগ্রেস নেতৃত্বাধীন জোট সংযুক্ত প্রগতিশীল মোর্চা) ধাঁচের জোট করা দরকার। তৃতীয় ফ্রন্ট গঠিত হলে তাতে বিজেপিরই সুবিধা হবে। ছত্তিশগড় রাজ্যের রাজধানী রায়পুরে ভারতের বিরোধী দল কংগ্রেসের তিন দিনব্যাপী পূর্ণাঙ্গ অধিবেশন থেকে জোটের এই বার্তা ছড়িয়ে দেওয়া হলো।

শুধু রাজনৈতিক প্রস্তাবেই নয়, দলের শীর্ষ নেতাদের ভাষণেও বিজেপির বিরুদ্ধে সমভাবাপন্ন সব বিরোধী দলের জোটবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তার কথা শোনা গেছে। বুঝিয়ে দেওয়া হয়েছে, ইউপিএ যেভাবে জোটবদ্ধ হয়েছিল, এবারও তেমনটা হওয়া জরুরি। তৃতীয় ফ্রন্ট গড়ার অর্থ হবে বিজেপিকে সুবিধা করে দেওয়া।
এই বার্তার মধ্য দিয়ে কংগ্রেস স্পষ্ট বুঝিয়ে দিয়েছে, ইউপিএ ধাঁচের এই জোটের নেতৃত্বেও তারাই থাকতে আগ্রহী।

বিজেপির বিরুদ্ধে সমভাবাপন্ন দলগুলোর একজোট হওয়া যে ‘অত্যন্ত জরুরি’ এবং এটাই যে সময়ের দাবি, সে কথা স্পষ্ট করে রাজনৈতিক প্রস্তাবে বলা হয়েছে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের ভাষণেও তা পরিষ্কার। বলা হয়েছে যে এই জোটও ইউপিএর মতো ‘অভিন্ন ন্যূনতম কর্মসূচির’ ভিত্তিতে গঠন করা প্রয়োজন।

খাড়গে বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে কংগ্রেসই একমাত্র দল যে জোটের নেতৃত্ব দিতে পারে। ২০০৪ থেকে ২০১৪ সালের উল্লেখ করে তিনি বলেন, ‘মত ও মনের মিল আছে, এমন দলগুলো নিয়ে সেই জোট দেশ ও মানুষের সেবা করে গেছে। আমরা আরও একবার একই ধরনের জোট গড়ে তুলতে চাই যে জোট বিজেপির অপশাসনের হাত থেকে দেশকে মুক্ত করবে।’

রাজনৈতিক প্রস্তাবেও তার উল্লেখ রয়েছে। তাতে বলা হয়েছে, সেই দায়িত্ব কংগ্রেসকেই নিতে হবে। কংগ্রেসকেই বেছে নিতে হবে সমভাবাপন্ন জোট শরিকদের, যারা সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী, যাদের মধ্যে আদর্শগত মিল আছে। তৃতীয় কোনো শক্তির মাথাচাড়া দেওয়ার অর্থ হবে বিজেপিকে সুবিধা করে দেওয়া।

প্রিয়াঙ্কা গান্ধীও আজ রোববার তাঁর ভাষণে জোটবদ্ধতার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। প্রিয়াঙ্কা বলেন, (নির্বাচনের) আর মাত্র একটা বছর বাকি। মানুষও চাইছে বিরোধীরা একজোট হয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করুক। এ ক্ষেত্রে কংগ্রেসের ওপর মানুষের প্রত্যাশা বেশি। জোটবদ্ধতার জন্য কংগ্রেসকেই উদ্যোগী হতে হবে।

কংগ্রেসের এই বার্তার লক্ষ৵ প্রধানত তৃণমূল কংগ্রেস, ভারত রাষ্ট্র সমিতি (সাবেক তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি), ওয়াইএসআর কংগ্রেস, আম আদমি পার্টি ও সমাজবাদী দল। এসব দল আপাতদৃষ্টে বিজেপির বিরোধিতা করলেও কংগ্রেসের ডাকে সাড়া দিতে চাইছে না। এই দলগুলোর আপত্তি প্রধানত নেতৃত্বের প্রশ্ন ঘিরে। রাহুল গান্ধীর নেতৃত্ব মেনে নিতে মমতা বন্দ্যোপাধ্যায়, কে চন্দ্রশেখর রাও, অরবিন্দ কেজরিওয়াল ও জগনমোহন রেড্ডির আপত্তি রয়েছে।

সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব অতটা অনড় না হলেও কংগ্রেসকে জমি ছাড়তে রাজি নন। মমতা ও চন্দ্রশেখর রাও দুজনই আবার বিজেপিবিরোধী তৃতীয় ফ্রন্টের নেতৃত্বের দাবিদার। কংগ্রেস আবার আম আদমি পার্টিকে বিজেপিবিরোধী শক্তি বলে মানতে রাজি নয়। তৃণমূল কংগ্রেসের বিজেপিবিরোধী চরিত্র কতটা খাঁটি, সে নিয়েও কংগ্রেসের মনে যথেষ্ট খটকা আছে।

জনতা দলের নীতিশ কুমার বারবার জোট বাঁধার জন্য কংগ্রেসকে আহ্বান জানালেও প্রধানমন্ত্রিত্বের পদ পেতে তিনি খুবই আগ্রহী বলে কংগ্রেসের একাংশের ধারণা। এই অবস্থায় বিজেপিবিরোধী পোক্ত কোনো জোট কীভাবে তৈরি হতে পারে, সেই প্রশ্নের সদুত্তর রায়পুরের মহা অধিবেশন থেকে বের হয়নি। পূর্ণাঙ্গ অধিবেশনের পরবর্তী পর্যায়ে বোঝা যাবে জোট গঠন ও তার নেতৃত্বের প্রশ্নে কংগ্রেসের প্রতি অন্য আঞ্চলিক দলের অনীহা ঘোচাতে মল্লিকার্জুন খাড়গে কীভাবে ও কতটা উদ্যোগী হন।

জোট গঠনের প্রশ্নে রাহুল গান্ধী এই সম্মেলনে বিশেষ কিছু বলেননি। তিনি তাঁর ভাষণে বরাবরের মতো টেনে এনেছেন ‘ভারত জোড়ো যাত্রা’র অভিজ্ঞতা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে শিল্পপতি গৌতম আদানির ব্যবসায়িক সম্পর্কের অভিযোগগুলো। তিনি বলেন, সংসদে আদানিকে নিয়ে প্রশ্ন তোলা যায় না। প্রশ্ন করা হলেও প্রধানমন্ত্রী উত্তর দেন না। বিজেপি কেন আদানিকে আড়াল করে, বোঝা মোটেই দুষ্কর নয়। প্রধানমন্ত্রী উত্তর না দিতে পারেন কিন্তু কংগ্রেস প্রশ্ন করেই যাবে যত দিন না সত্য প্রকাশিত হচ্ছে।