এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ
এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ

কলকাতায় যাত্রীবাহী উড়োজাহাজ ছিনতাই–আতঙ্ক, চলছে তল্লাশি

কলকাতা বিমানবন্দর থেকে মুম্বাইগামী এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজে ছিনতাইয়ের আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

উড়োজাহাজটির একটি শৌচাগারের আয়নায় ‘ছিনতাইয়ের সতর্কতা’ দেখতে পাওয়ার পর আজ বুধবার সকালে ১০৫ জন যাত্রীসহ উড়োজাহাজটিকে দ্রুত রানওয়ে থেকে আইসোলেশন বে-তে (নিরাপদ দূরত্বে থাকা বিশেষ পার্কিং এলাকা) নেওয়া হয়। বিমানবন্দর কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নাম প্রকাশ না করার শর্তে বিমানবন্দরের এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘এয়ার ইন্ডিয়ার এআই ৭৭২ ফ্লাইটের পাইলট যখন উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখনই কেবিন ক্রু সদস্যরা শৌচাগারের আয়নায় ছিনতাইয়ের ওই হুমকি দেখতে পান। ধারণা করা হচ্ছে, লিপস্টিক দিয়ে ওই বার্তা লেখা হয়েছিল।’

বিমানবন্দরের এক পুলিশ কর্মকর্তা বলেন, এয়ার ইন্ডিয়ার এআই ৭৭২ ফ্লাইটের পাইলট যখন উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখনই কেবিন ক্রু সদস্যরা শৌচাগারের আয়নায় ছিনতাইয়ের ওই হুমকি দেখতে পান। ধারণা করা হচ্ছে, লিপস্টিক দিয়ে ওই বার্তা লেখা হয়েছিল।

নিরাপত্তাবিধি বা প্রটোকল অনুযায়ী তাৎক্ষণিকভাবে বিমানবন্দরে জরুরি সতর্কতা জারি করা হয় এবং উড়োজাহাজটিকে আইসোলেশন বে-তে নেওয়া হয়। ওই কর্মকর্তা জানান, স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবে বিমানবন্দরে তল্লাশির জন্য নিরাপত্তা বাহিনী, ফায়ার ব্রিগেডের কর্মী ও বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যদের মোতায়েন করা হয়। একই সঙ্গে উড়োজাহাজ থেকে সব যাত্রীকে নিরাপদে নামিয়ে আনা হয়।

পরে কর্মকর্তারা জানান, বেলা দেড়টা পর্যন্ত পুরো উড়োজাহাজে পুঙ্খানুপুঙ্খ তল্লাশি চালিয়ে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। উড়োজাহাজে থাকা যাত্রীদের মালামাল ও লাগেজও নিবিড়ভাবে পরীক্ষা করা হয়েছে।

বিমানবন্দরের একজন কর্মকর্তা এ তল্লাশি–প্রক্রিয়ার বিষয়ে বলেন, ‘এ ধরনের ঘটনায় যাত্রীরা উড়োজাহাজে ওঠার আগে ও পরে কোথায় কীভাবে চলাফেরা করেছেন, সে বিষয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়। পাশাপাশি উড়োজাহাজে কোনো কিছু তাঁদের কাছে সন্দেহজনক মনে হয়েছিল কি না, তা-ও জানতে চাওয়া হয়।’

নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, ‘আজ সকাল ১০টা ৩৭ মিনিটে কলকাতা-মুম্বাই রুটে চলাচলকারী এয়ার ইন্ডিয়ার এআই ৭৭২ ফ্লাইটের (উড়োজাহাজ এ৩২০) শৌচাগারের ভেতর কেবিন ক্রুরা একটি ছিনতাইয়ের চিরকুট বা বার্তা খুঁজে পান। প্রটোকল অনুযায়ী সংশ্লিষ্ট সংস্থাগুলো বর্তমানে প্রয়োজনীয় সব ধরনের যাচাই ও তল্লাশি কার্যক্রম চালাচ্ছে।’