অমিত শাহ-মমতার পৃথক বৈঠক ঘিরে জল্পনা

অমিত শাহ ও মমতা বন্দ্যোপাধ্যায়
 ফাইল ছবি

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ শনিবার মমতার আমন্ত্রণে হাওড়া জেলায় রাজ্য সচিবালয়ের ১৪ তলায় বৈঠক করেন দুজন। মোটামুটি ১৫ মিনিট কথা বলেন তাঁরা। অবশ্য দুজনের মধ্যে কী নিয়ে কথা হয়েছে, তা রাজ্য বা কেন্দ্র সরকারের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

তবে পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলের নেতা বিজেপির শুভেন্দু অধিকারী গণমাধ্যমকে বলেছেন, বিমানবন্দরে তিনি অমিত শাহের সঙ্গে মিনিট দুয়েক কথা বলার সুযোগ পেয়েছিলেন। তিনি বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে বলেছেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে পৃথক বৈঠকে তিনি ভারতের সীমান্তরক্ষী বাহিনী—বিএসএফের জন্য ৭২টি পয়েন্টে জমি চেয়েছেন। রাজ্য সরকার সেই জমি এখনো দেয়নি। এ ছাড়া বিএসএফ এবং রাজ্য পুলিশের মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়টির ওপরও জোর দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।’

যখনই কেন্দ্রে বিজেপি সরকারের দুই শীর্ষ নেতা—প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন তখনই পশ্চিমবঙ্গে একটি বিষয় নিয়ে আলোচনা জোরদার হয়। বিষয়টি হলো, এই বৈঠক আগামী দিনে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের কাছাকাছি আসার ইঙ্গিত দিচ্ছে কি না। সম্প্রতি মমতার সঙ্গে মোদি ও অমিত শাহের একাধিক পৃথক বৈঠকের কারণে এই জল্পনা আরও জোরদার হয়েছে।

মমতার সঙ্গে বৈঠকের আগে পূর্ব ভারতের বিভিন্ন রাজ্য সরকারের শীর্ষ নেতাদের সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা নিয়ে বৈঠক করেন অমিত শাহ। এই বৈঠকে মমতা ছাড়াও উপস্থিত ছিলেন ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন, বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব এবং ওডিশা রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ আমাত।

বৈঠকে রাজ্য সরকারের তরফ থেকে নানা দাবির কথা অমিত শাহকে জানানো হয়। কেন্দ্রের কাছে রাজ্যের পাওনা অর্থের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন মমতা। ভারতে ১০০ দিনের কাজের যে প্রকল্প রয়েছে, তার টাকা কেন্দ্রের কাছ থেকে রাজ্যের পাওয়ার কথা। কিন্তু সেই টাকার অনেকটাই মেটানো হয়নি বলে স্বরাষ্ট্রমন্ত্রীকে জানান মমতা।

জবাবে অমিত শাহ বলেন, রাজ্যের কাছ থেকে পাওয়া কাগজপত্রে কিছু সমস্যা থাকার কারণে টাকা দেওয়া যায়নি। তবে কাগজপত্র ঠিক করে ইতিমধ্যেই যাবতীয় তথ্য কেন্দ্র সরকারকে দেওয়া হয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রীকে জানান রাজ্য সরকারের কর্মকর্তারা।

এর আগে শুক্রবার রাতে অমিত শাহ কলকাতায় তাঁর দলের নেতাদের সঙ্গে একটি বৈঠক করেন। সেখানে পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলার বিষয়টি আলোচনা করা হয়। পশ্চিমবঙ্গে আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়েও দলের নেতাদের সঙ্গে কথাবার্তা বলেন অমিত শাহ।