বিকাশমান অর্থনীতির জোট ব্রিকসের নিরাপত্তাবিষয়ক সম্মেলনে যোগ দিতে আগামী সপ্তাহে রাশিয়ায় যাচ্ছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। সম্মেলনে আলোচনার শীর্ষে থাকবে ইউক্রেন যুদ্ধ। চীনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ওয়াং ই–ও ওই সম্মেলনে যোগ দেবেন।
ইউক্রেন যুদ্ধ থামাতে ভারত ও চীন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির এমন বক্তব্যের পরই অজিত দোভাল ও ওয়াং ই রাশিয়া সফর করতে যাচ্ছেন। তবে দোভালের এ সফরের বিষয়ে এখনো কিছু জানায়নি নয়াদিল্লি।
গত জুলাই মাসে রাশিয়া সফরে গিয়ে পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন মোদি। পরের মাস আগস্টে তিনি ইউক্রেনে গিয়ে সাক্ষাৎ করেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে। এই দুই সফরেই মোদির সঙ্গে ছিলেন দোভাল। ৯ জুলাই পুতিনের সঙ্গে সাক্ষাতের সময় মোদি বলেছিলেন, যুদ্ধক্ষেত্র থেকে শান্তি আসবে না।
ভারতের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ভারত ও পুরো বিশ্ব চায় ইউক্রেন যুদ্ধ বন্ধ হোক। তারই পরিপ্রেক্ষিতে সব পক্ষের সঙ্গে কথা বলছেন প্রধানমন্ত্রী মোদি। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করার কোনো ইচ্ছা নেই তাঁর। তবে যুদ্ধ বন্ধের সব উদ্যোগে সমর্থন দিতে চান তিনি, যেন নারী ও শিশুরা ক্ষেপণাস্ত্র, রকেট ও গুলির শিকার না হয়।
ব্রিকসের সম্মেলনে চীন, ব্রাজিলসহ জোটটির অন্যান্য সদস্য দেশের প্রতিনিধিদের সঙ্গেও সাক্ষাৎ করবেন দোভাল। ইউক্রেন যুদ্ধ বন্ধের উদ্যোগে কীভাবে সাহায্য করা যায়, আলোচনা করবেন সে বিষয়ে। রাশিয়া ও ইউক্রেন—দুই দেশের সঙ্গেই মোদির ভালো সম্পর্ক থাকার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই যুদ্ধ বন্ধ করতে নয়াদিল্লি ও বেইজিংকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন পুতিন ও মেলোনি।