ইরানে যুক্তরাষ্ট্রের হামলার সময় একটি অজ্ঞাত স্থানে বিস্ফোরণের পর ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রকাশিত ভিডিও থেকে নেওয়া। ১৯ জুলাই, ২০২৬
ইরানে যুক্তরাষ্ট্রের হামলার সময় একটি অজ্ঞাত স্থানে বিস্ফোরণের পর ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রকাশিত ভিডিও থেকে নেওয়া। ১৯ জুলাই, ২০২৬

পাল্টাপাল্টি হামলার মধ্যেও আলোচনা চলছে, জানাল যুক্তরাষ্ট্র-ইরান

যুক্তরাষ্ট্র ও ইরান পাল্টাপাল্টি হামলার মধ্যেই কূটনৈতিক আলোচনার পথ খোলা থাকার ইঙ্গিত দিয়েছে। যুক্তরাষ্ট্র বলেছে, ইরানের সঙ্গে আলোচনার দরজা এখনো খোলা। ইরানও প্রায় একই সুরে জানিয়েছে, মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে বার্তা আদান–প্রদান চলছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গতকাল রোববার রাতে বলেন, যুক্তরাষ্ট্র সব সময় কূটনৈতিক সমাধানের জন্য প্রস্তুত। তবে সেই আলোচনা হতে হবে বাস্তবসম্মত এবং এমন একটি চুক্তির ভিত্তিতে, যা ইরান মেনে চলতে রাজি থাকবে।

আজ সোমবার ইরানের রাজধানী তেহরানে এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, সাম্প্রতিক মার্কিন হামলার পরও মধ্যস্থতাকারীদের মাধ্যমে দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ বন্ধ হয়নি।

বাঘাই বলেন, ‘মধ্যস্থতাকারীদের মাধ্যমে আমরা বার্তা পেয়েছি। বিস্তারিত বলতে চাই না। মূল বিষয় হলো, সাম্প্রতিক দিনগুলোতে আমাদের কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে এবং কয়েকজন মধ্যস্থতাকারী আমাদের কাছে বিভিন্ন প্রস্তাব ও ধারণা পৌঁছে দিয়েছেন।’

টানা নবম দিনের মতো গতকাল দিবাগত রাতেও ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। জবাবে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় হামলা চালিয়েছে ইরান।

এ পরিস্থিতিতে হরমুজ প্রণালিতে নৌ চলাচল নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। ইরানের দাবি, সেখানে দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ঘটেছে এবং সেগুলো অচল হয়ে পড়েছে।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, তারা জর্ডানের আকাবায় যুক্তরাষ্ট্রের বিমানঘাঁটি, কুয়েতের আল-আদিরি ক্যাম্প ও আলী আল–সালেম বিমানঘাঁটি এবং সিরিয়ায় মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আজ সকালে দেশটিতে সতর্কসংকেত বাজানো হয়েছে। কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, তারা ইরানের পাঠানো ড্রোন প্রতিহত করেছে।

গত ১৭ জুন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সই হওয়া প্রাথমিক সমঝোতা স্মারক (এমওইউ) সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলার পর কার্যত ভেঙে পড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পর ইরানও পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া ওই সমঝোতা স্থগিতের ঘোষণা দিয়েছে।

নতুন করে শুরু হওয়া পাল্টাপাল্টি হামলার কেন্দ্রবিন্দু এখন হরমুজ প্রণালি। বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে চলাচলকারী জাহাজের কাছ থেকে ফি আদায় করতে চায় ইরান। এর বিরোধিতা করছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার সক্ষমতা কমিয়ে দিতে তারা ইরানের বিরুদ্ধে নতুন দফায় হামলা শুরু করেছে।

ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, আজ ভোরে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলায় তাবরিজ, চাবাহার, কোনারাক, বন্দর মাহশাহর ও বন্দর ইমাম খোমেনি শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলে হামলার অভিযোগ তুলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও বলেন, আন্তর্জাতিক জলপথে হামলা চালানো বন্ধ না করলে যুক্তরাষ্ট্রও তাদের সামরিক অভিযান চালিয়ে যাবে। তবে কূটনৈতিক সমাধানের পথ এখনো খোলা রয়েছে।