ইসরায়েলি সেনাদের গুলিতে পাঁচ ফিলিস্তিনি নিহত

দখল করা পশ্চিম তীরে মাঝেমধ্যেই ইসরায়েলি সেনা ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে
ফাইল ছবি: এএফপি

ইসরায়েলি সেনাদের গুলিতে পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আজ সোমবার দখল করা পশ্চিম তীরে এ ঘটনা ঘটেছে। ইসরায়েল জানিয়েছে, অপরাধীদের ধরতে দিনব্যাপী অভিযান চালানোর পরে জেরিকো শহরের কাছে সন্দেহভাজন ব্যক্তিদের সঙ্গে গোলাগুলি হয়। এতে পাঁচজনের মৃত্যু হয়।

নিহত ব্যক্তিদের নিজেদের কর্মী বলে দাবি করেছে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস। এক বিবৃতিতে তারা বলেছে, ইহুদি দখলদারদের সঙ্গে যুদ্ধে হামাস যোদ্ধাদের মৃত্যুতে তারা শোকাহত।

গত মাসের শেষ দিকে পূর্ব জেরুজালেমে একটি সিনাগগের বাইরে বন্দুকধারীর হামলায় কমপক্ষে সাতজন নিহত হন। হামলার পর থেকে জেরিকো কর্তৃপক্ষ শহরটিতে ‘অবরোধ’ ঘোষণা করে। এর সপ্তাহখানেকের মাথায় আজ ভোরে জেরিকো এলাকায় অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। এই ঘটনা ইসরায়েল-ফিলিস্তিনির মধ্যে সহিংসতাকে উসকে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে ইসরায়েলি সেনাবাহিনীর এক কর্মকর্তা বলেছেন, নিহত ফিলিস্তিনিদের মরদেহ ইসরায়েলি সেনারা রেখে দিয়েছেন।

এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, জর্ডান সীমান্তের পার্শ্ববর্তী আকাবাত জাবার শরণার্থীশিবিরে তল্লাশি চালানো হয়। এ সময় দুই পক্ষের গোলাগুলিতে উল্লেখযোগ্যসংখ্যক অস্ত্রধারী নিহত হয়েছেন। তবে এ ঘটনায় ইসরায়েলি সেনাদের মধ্যে কেউ আহত হয়নি।

অপর দিকে ইসরায়েলি সেনাদের হামলায় নিহতের ঘটনায় বিবৃতি দিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। তারা জানিয়েছে, জেরিকো শহরে ইসরায়েলি সেনাদের হামলায় তিনজন নাগরিক গুলিবিদ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

জেরিকো শহরটি পর্যটনের জন্য সুপরিচিত। সেখানে সহিংসতার ঘটনা বিরল। প্রাচীনকাল থেকে ধর্ম ও সাংস্কৃতিক নানা স্থাপনার জন্য শহরটি বেশ পরিচিত।