মাহমুদ আব্বাস
মাহমুদ আব্বাস

ইসরায়েলের আগ্রাসন

গাজা যুদ্ধবিরতি বাস্তবায়নে ‘বাধা’ সরানোর আহ্বান

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ বাস্তবায়নে ইসরায়েলের চাপিয়ে দেওয়া সব ‘প্রতিবন্ধকতা’ অপসারণের আহ্বান জানিয়েছেন। গতকাল শনিবার ইথিওপিয়ায় আফ্রিকান ইউনিয়নের সম্মেলনে দেওয়া এক বক্তৃতায় তিনি এ আহ্বান জানান। তিনি সরাসরি বক্তৃতা দেননি। তাঁর পক্ষে ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তফা তাঁর (আব্বাস) লিখিত বক্তব্য পাঠ করে শোনান।

লিখিত ওই বক্তব্যে আব্বাস বলেন, ‘চুক্তির দ্বিতীয় ধাপের বিভিন্ন ধারা বাস্তবায়নে ইসরায়েলি দখলদারদের তৈরি করা সব বাধা দূর করার প্রয়োজনীয়তার ওপর আমরা জোর দিচ্ছি।’ তিনি আরও বলেন, গাজার দৈনন্দিন শাসনকাজ

তদারকির জন্য গঠিত টেকনোক্র্যাট কমিটির কাজেও ইসরায়েলের পক্ষ থেকে বাধা রয়েছে। পরিষেবার ধারাবাহিকতা রক্ষা, মানবিক সহায়তা সমন্বয় ও দ্রুত পুনরুদ্ধারের জন্য এসব বাধা দূর করা জরুরি। হামাসের সঙ্গে হওয়া যুদ্ধবিরতি চুক্তি ইসরায়েল ‘ক্রমাগত লঙ্ঘন’ করে চলেছে।

ফিলিস্তিনের প্রেসিডেন্ট বলেন, যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে এখন পর্যন্ত গাজায় ৫০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এটি চুক্তির স্থায়িত্ব ও দ্বিতীয় ধাপের পূর্ণ বাস্তবায়নকে হুমকির মুখে ফেলেছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত অক্টোবর থেকে কার্যকর হওয়া এ যুদ্ধবিরতি গত মাসে দ্বিতীয় ধাপে প্রবেশ করলেও ফিলিস্তিনি ভূখণ্ডে সহিংসতা থামেনি। এ জন্য ইসরায়েল ও হামাস একে অপরকে দায়ী করছে।

গাজা যুদ্ধের স্থায়ী অবসান ঘটানো এ চুক্তির লক্ষ্য। গত নভেম্বরে জাতিসংঘ এ চুক্তির অনুমোদন দেয়। চুক্তির দ্বিতীয় ধাপ অনুযায়ী, ইসরায়েলি বাহিনীকে পর্যায়ক্রমে গাজা থেকে প্রত্যাহার এবং হামাসকে অস্ত্র হস্তান্তর করতে হবে। নিরাপত্তার জন্য সেখানে একটি আন্তর্জাতিক বাহিনী মোতায়েন করা হবে।