পবিত্র রমজান মাসের শেষ সপ্তাহ চলছে। বিশ্বজুড়ে মুসলিমরা ঈদুল ফিতর উদ্যাপনের অপেক্ষায় রয়েছেন। ঈদুল ফিতর কবে হবে, সেটা নির্ভর করছে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর। এরই মধ্যে আগামী শুক্রবারকে ঈদের দিন ধরে সাত দিনের ছুটি ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার।
জ্যোতির্বিজ্ঞান–সংক্রান্ত গণনার ওপর নির্ভর করে কাতার ক্যালেন্ডার হাউস ধারণা করছে, ১৪৪৭ হিজরির শাওয়াল মাসের প্রথম দিন হতে পারে ২০ মার্চ শুক্রবার।
পবিত্র রমজান মাস শেষে ১ শাওয়াল ঈদুল ফিতর উদ্যাপিত হয়। সেই হিসাবে কাতারে ১৯ মার্চ রোজা শেষ হতে পারে এবং পরদিন ঈদুল ফিতর উদ্যাপিত হবে। তবে মাস শুরুর ধর্মীয় সিদ্ধান্তটি ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের চাঁদ দেখা কমিটির ওপর নির্ভর করছে।
এদিকে কাতার সরকারের ঘোষণা অনুযায়ী, ১৭ মার্চ ঈদের ছুটি শুরু হয়ে শেষ হবে ২৩ মার্চ। মন্ত্রণালয়, অন্যান্য সরকারি সংস্থা ও সরকারি বিভিন্ন কর্তৃপক্ষ ও প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই ছুটি কার্যকর হবে।
সাধারণত চাঁদ দেখা সাপেক্ষে মধ্যপ্রাচ্যের দেশগুলোর এক দিন পর বাংলাদেশসহ এই অঞ্চলের দেশগুলোতে রোজা পালন ও ঈদ উদ্যাপিত হয়ে থাকে। সে হিসাবে এবার বাংলাদেশে ২১ মার্চ শনিবার ঈদুল ফিতর উদ্যাপিত হতে পারে।