যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ)
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ)

ইরানিদের গোপনে যোগাযোগের আহ্বান জানাল সিআইএ

যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে চলমান উত্তেজনার বেড়েই চলেছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ তাদের সঙ্গে ইরানিদের গোপনে যোগাযোগের আহ্বান জানিয়েছে। সিআইএ বলেছে, সংস্থাটির আগ্রহের বিষয় হতে পারে এমন কোনো দক্ষতা বা তথ্য থাকলে ইরানের নাগরিকেরা যোগাযোগ করতে পারেন। বার্তা সংস্থা আনাদোলুর খবরে এ তথ্য দেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মঙ্গলবার দুই মিনিটের বেশি একটি ভিডিও প্রকাশ করেছে সিআইএ। তাতে ফারসি ভাষায় বলা হয়েছে, ‘হ্যালো। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ) আপনার কথা শুনতে পাচ্ছে এবং আপনাকে সাহায্য করতে চায়। নিচে আমাদের সঙ্গে ভার্চ্যুয়াল ও নিরাপদে যোগাযোগ করার প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হলো।’

ভিডিওটিতে ইরানিরা কীভাবে যোগাযোগ করতে পারবে সে বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে। এতে কর্মস্থলের কম্পিউটার এবং ফোন ব্যবহার এড়িয়ে চলার কথা বলা হয়েছে। এর বদলে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন) অথবা টর নেটওয়ার্ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ক্রমাগত সামরিক শক্তি বৃদ্ধির মধ্যেই এই ভিডিওটি পোস্ট করা হলো। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছিলেন, তেহরান যদি ওয়াশিংটনের সঙ্গে কোনো পারমাণবিক চুক্তিতে না পৌঁছায়, তাহলে তাদের সামরিক পরিণতির সম্মুখীন হতে হবে।