ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ

মধ্যস্থতার চেষ্টায় কয়েকটি দেশ, জানালেন ইরানের প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ এক সপ্তাহ গড়ালেও থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। তার মধ্যেই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, কয়েকটি দেশ মধ্যস্থতার চেষ্টা করছে।

আজ শুক্রবার ইরানের প্রেসিডেন্ট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এ কথা জানান। তিনি বলেন, ‘কয়েকটি দেশ মধ্যস্থতার চেষ্টা শুরু করেছে। তবে একটি বিষয় পরিষ্কার করে বলতে চাই, আমরা এই অঞ্চলে স্থায়ী শান্তি বজায় রাখার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু নিজেদের জাতির মর্যাদা ও সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে আমরা বিন্দুমাত্র ছাড় দেব না। যারা ইরানের জনগণকে তুচ্ছজ্ঞান করেছে এবং এই সংঘাত শুরু করেছে, মধ্যস্থতাকারীদের উচিত তাদের বিষয়ে সুরাহা করা।’

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিভিন্ন স্থানে হামলা চালায়। এর মধ্যে রাজধানী তেহরানের কয়েকটি জায়গাও লক্ষ্যবস্তু করা হয়েছিল। এই হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

এর জবাবে ইসরায়েলের ভূখণ্ড ও মধ্যপ্রাচ্যজুড়ে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরান। ফলে ওই অঞ্চলের প্রতিটি দেশকে এখন ভুগতে হচ্ছে।

সংঘাত অবসানে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ পরস্পরের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে কোন কোন দেশ মধ্যস্থতার চেষ্টা চালাচ্ছে, তা জানাননি ইরানি প্রেসিডেন্ট।