যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

লেবানন ইস্যুতে ইরানের যুদ্ধবিরতি নষ্ট করা হবে ‘বোকামি’: জেডি ভ্যান্স

লেবাননে ইসরায়েলি হামলাকে কেন্দ্র করে ইরানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি ভেস্তে দেওয়া ‘বোকামি’ হবে বলে মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। হাঙ্গেরি ছাড়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

জেডি ভ্যান্স বলেন, ‘ইরানিরা হরমুজ প্রণালী খুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এবং আগামী সপ্তাহান্তে (শনিবার) আমাদের একটি আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। আমি মনে করি এটি একটি ভালো প্রাথমিক পদক্ষেপ, তবে আগামী দিনগুলোতে আমরা আরও অগ্রগতির আশা করছি।’

লেবানন ইস্যু নিয়ে একটি ‘যৌক্তিক ভুল বোঝাবুঝি’ হয়েছে উল্লেখ করে ভ্যান্স বলেন, ‘আমার মনে হয় ইরানিরা ভেবেছিল যুদ্ধবিরতির মধ্যে লেবাননও অন্তর্ভুক্ত ছিল, কিন্তু আসলে তা নয়। আমরা কখনোই এমন কোনো প্রতিশ্রুতি দিইনি।’

মঙ্গলবার লেবাননজুড়ে ইসরায়েলি হামলায় ২০০-এর বেশি মানুষ নিহতের বিষয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেন, ইসরায়েল লেবাননে তাদের হামলা কিছুটা ‘নিয়ন্ত্রিত’ রাখার প্রস্তাব দিয়েছে, কারণ তারা চায় আমাদের আলোচনা যেন সফল হয়।

ইরানের উদ্দেশে ভ্যান্স বলেন, ‘লেবানন নিয়ে সংঘাতের জেরে ইরান যদি এই আলোচনা ভেস্তে যেতে দেয়, তবে সেটি হবে তাদের নিজস্ব সিদ্ধান্ত। লেবাননের সঙ্গে তাদের (সরাসরি) কোনো সম্পর্ক নেই এবং যুক্তরাষ্ট্র কখনোই বলেনি যে লেবানন এই যুদ্ধবিরতির অংশ। আমরা মনে করি এমনটা করা হবে বোকামি। তবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত তাদেরই।’