ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি

যুক্তরাষ্ট্রের যুদ্ধের হুমকিকে ভয় পায় না ইরান: আরাগচি

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরান কখনোই নিজেদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের বিষয়টি মেনে নেবে না বলে জানিয়েছে তেহরান। আজ রোববার তেহরানে একটি অনুষ্ঠানে এ কথা বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের হুমকিকে ভয় পায় না ইরান।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা ঘিরে দুই দেশের মধ্যে সংঘাতের আশঙ্কা দেখছেন অনেক বিশ্লেষক। মধ্যপ্রাচ্যে ব্যাপক হারে সামরিক উপস্থিতি বাড়িয়েছে ওয়াশিংটন। এরই মধ্যে গত শুক্রবার ওমানে আলোচনায় বসে তেহরান ও যুক্তরাষ্ট্র। যদিও ওই আলোচনা পরোক্ষ ছিল।

পরে আজ তেহরানে আব্বাস আরাগচি বলেন, ওয়াশিংটনকে খুব কম বিশ্বাস করে তেহরান। নতুন করে শুরু হওয়া আলোচনায় যুক্তরাষ্ট্র গুরুত্ব দিচ্ছে কি না—এমন সন্দেহও রয়েছে তাঁদের। তিনি আরও বলেন, ‘আমাদের ওপর যদি যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়, তারপরও কেন আমরা ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ওপর এত জোর দিচ্ছি এবং এটি বন্ধ করার বিষয়টি প্রত্যাখ্যান করেছি? কারণ, আমরা কী করব, না করব, তার ওপর ছড়ি ঘোরানোর অধিকার কারও নেই। এই অঞ্চলে সামরিক বাহিনী মোতায়েনে আমরা ভয় পাই না।’

আরাগচি চান, আলোচনার মাধ্যমে তাঁর দেশের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিক যুক্তরাষ্ট্র। এর বিনিময়ে ইরানের পরমাণু প্রকল্প নিয়ে যেন পশ্চিমাদের আস্থা তৈরি হয়—এমন পদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি। পশ্চিমাদের দাবি, এই ইউরেনিয়াম দিয়ে পরমাণু অস্ত্র তৈরি করতে চায় ইরান। যদিও অনেক আগে থেকেই এই দাবির বিষয়টি নাকচ করে আসছে তেহরান।