আব্বাস আরাগচি
আব্বাস আরাগচি

আমি যত দূর জানি সর্বোচ্চ নেতা জীবিত আছেন: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, তিনি যত দূর জানেন সে অনুযায়ী ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জীবিত আছেন। আজ শনিবার ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর এনবিসি নিউজের লাইভে যুক্ত হয়ে এ কথা বলেছেন তিনি।

হামলায় ইরান ‘এক বা দুইজন কমান্ডারকে হারিয়ে থাকতে পারে’ বলে জানিয়েছেন আরাগচি।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা থামিয়েছে জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, পরিস্থিতি শান্ত করতে আগ্রহী ইরান এবং সমঝোতা আলোচনার জন্য পুরোপুরি উন্মুক্ত রয়েছে।

মার্কিন ও ইসরায়েলি হামলায় ধ্বংস হচ্ছে ইরানের স্থাপনা। এএফপির দেওয়া এই ছবিটির স্থানের নাম উল্লেখ করা হয়নি

‘এই মুহূর্তে’ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো যোগাযোগ নেই জানিয়ে আরাগচি বলেছেন, ‘আমেরিকানরা যদি আমাদের সঙ্গে কথা বলতে চায় তাহলে তারা জানে কীভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে পারে।’

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা চলছিল। সর্বশেষ দফার আলোচনা শেষ হয় দুই দিন আগে। তবে তাতে কোনো অগ্রগতি হয়নি।

ইরানের শীর্ষস্থানীয় নেতাদের ছবি ও জাতীয় পতাকা নিয়ে যুক্তরাষ্ট্র–ইসরায়েলবিরোধী বিক্ষোভে অংশ নেন ইরানিরা। ইরান, ২৮ ফেব্রুয়ারি

মধ্যপ্রাচ্য অঞ্চলে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে ইরান হামলা চালাচ্ছে বলে নিশ্চিত করেছেন আরাগচি। তিনি বলেছেন, তাদের এই হামলা ‘আত্মরক্ষামূলক’।