দখলকৃত পশ্চিম তীরে গতকাল শুক্রবার গুলিবিদ্ধ হয়ে দুই ফিলিস্তিনি তরুণ নিহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয় এক ইহুদি বসতি স্থাপনকারীর হাতে। আর অপর ঘটনাটি ঘটে ইসরায়েলি সেনাদের পরিচালিত সামরিক অভিযানের সময়। ফিলিস্তিনি সূত্র এ তথ্য জানায়।
বুরকা গ্রামের বাসিন্দারা বলেন, ইসরায়েলি বসতি স্থাপনকারীরা তাদের গ্রামে ঢুকে পাথর ছুড়ে ও বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।
নাম না প্রকাশের শর্তে একজন প্রত্যক্ষদর্শী বলেন, গ্রামের তরুণেরা পাথর ছুড়ে তাদের প্রতিহত করতে বেরিয়ে পড়েন। বসতি স্থাপনকারীরা আগুন ধরিয়ে দেয়। তারা একজনকে হত্যা করে ও বেশ কয়েকজন গুরুতর জখম হয়।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনায় ১৯ বছরের এক তরুণ নিহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েলের সামরিক বাহিনী বিষয়টি তদন্ত করে দেখছে বলে জানিয়েছে।
পশ্চিম তীরে ফিলিস্তিনি গ্রামগুলোতে ইহুদি বসতি স্থাপনকারীদের ক্রমবর্ধমান হামলার ঘটনায় ওয়াশিংটন উদ্বেগ প্রকাশ করেছে। গত বছর থেকে পশ্চিম তীরে দুই পক্ষের মধ্যে সহিংসতার ঘটনা বৃদ্ধি পেয়েছে।
শুক্রবার ভোরে পশ্চিম তীরের তুলকার্ম শহরের কাছে ইসরায়েলি সেনাবাহিনী বলে, সামরিক বাহিনীর ওপর যারা বিস্ফোরক ও পাথর ছুড়েছে, তাদের লক্ষ্য করে সেনার গুলি ছুড়েছে।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ১৮ বছর বয়সী এক তরুণের মাথায় গুলি লেগে তিনি নিহত হন। আমজাদ জেইদান নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, তিনি ঘটনাস্থলের প্রায় ২০০ মিটার দূর থেকে সব দেখেছেন। তিনি ওই যুবককে (নিহত) কোনো ধরনের অস্ত্র বা বিস্ফোরক বহন করতে দেখেননি।
ফিলিস্তিনির পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনার নিন্দা জানিয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ আদালতকে নীরবতা ভেঙে দখলদারত্বের অপরাধের বিষয়টির তদন্ত শেষ করতে আহ্বান জানায়।