প্যালেস্টাইনি প্রিজনারস ডে পালন করার সময় হেবরনে ছবিটি ধরে রেখেছেন এক আন্দোলনকারী। ১৭ এপ্রিল ২০২৫
প্যালেস্টাইনি প্রিজনারস ডে পালন করার সময় হেবরনে ছবিটি ধরে রেখেছেন এক আন্দোলনকারী। ১৭ এপ্রিল ২০২৫

গাজা থেকে ইসরায়েলি বাহিনীর হাতে আটক ফিলিস্তিনিদের ঠিক কতজন যোদ্ধা

ইসরায়েলের সামরিক গোয়েন্দা সংস্থার ধারণা, গাজা থেকে ইসরায়েলি বাহিনীর হাতে আটক ফিলিস্তিনিদের মধ্যে মাত্র চার ভাগের এক ভাগ যোদ্ধা। গতকাল বৃহস্পতিবার প্রকাশিত এক যৌথ অনুসন্ধানে এই তথ্য উঠে এসেছে। অনুসন্ধানটি করেছে ইসরায়েলি-ফিলিস্তিনি সাময়িকী প্লাস নাইন সেভেন টু, হিব্রু ভাষার সাময়িকী লোকাল কল এবং ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

বন্দী ফিলিস্তিনিদের মধ্যে অনেককেই ইসরায়েলের ২০০২ সালের ‘অবৈধ যোদ্ধা আইন’-এর আওতায় আটক করা হয়েছে। এই আইনে বলা আছে, কাউকে যদি হামাসের মতো ‘অবৈধ’ সংগঠনের সঙ্গে সম্পৃক্ত বলে সন্দেহ হয়, তবে সুনির্দিষ্ট কোনো অপরাধের প্রমাণ না থাকলেও তাঁকে আটক করা যাবে।

যৌথ অনুসন্ধানে দেখা গেছে, আটক ব্যক্তিদের মধ্যে আলঝেইমারে আক্রান্ত ৮২ বছর বয়সী এক নারীও আছেন। তাঁকে ছয় সপ্তাহ কারাগারে রাখা হয়েছিল। আটক ব্যক্তিদের মধ্যে একজন একলা মা-ও ছিলেন, যাঁকে তাঁর ছোট বাচ্চাদের থেকে আলাদা করা হয়েছিল। পরে তিনি দেখেন, তাঁর সন্তানেরা রাস্তায় ভিক্ষা করছে।

‘অবৈধ যোদ্ধা’ হিসেবে আটক থাকা ছাড়াও ৭ অক্টোবরের হামলার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে প্রায় ৩০০ ফিলিস্তিনি ইসরায়েলে আটক আছেন। তাঁদের অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে আটক রাখা হয়েছে। ইসরায়েলের দাবি, এসব বন্দীকে বিচারের মুখোমুখি করার মতো যথেষ্ট প্রমাণ আছে। তবে এখনো বিচারকাজ শুরু হয়নি।

অনুসন্ধানকারীরা ইসরায়েলের গোপন সামরিক তথ্যভান্ডার খতিয়ে দেখেছেন। ইসরায়েলি সেনা কর্মকর্তাদের দাবি অনুযায়ী, এই তথ্যভান্ডারে হামাস ও প্যালেস্টাইন ইসলামিক জিহাদের (পিআইজে) যোদ্ধাদের বিষয়ে সবচেয়ে নির্ভুল তথ্য রয়েছে। এতে ৪৭ হাজারের বেশি ব্যক্তির নাম আছে, যাঁদের ইসরায়েলি গোয়েন্দারা সশস্ত্র গোষ্ঠীর সদস্য বলে মনে করেন।

তবে ওই ৪৭ হাজারের মধ্যে গত মে মাসে মাত্র ১ হাজার ৪৫০ জনকে ‘গ্রেপ্তার’ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। অর্থাৎ ওই সময়ে ইসরায়েলের হাতে আটক ৬ হাজার ফিলিস্তিনির তিন-চতুর্থাংশকে হামাস বা পিআইজির সদস্য হিসেবে চিহ্নিতই করা হয়নি।

তথ্যভান্ডারে গাজার অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়নি। তবে ইসরায়েলি কারা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এ ধরনের গোষ্ঠীর সদস্যদের সংখ্যা ‘অবৈধ যোদ্ধা’ হিসেবে বন্দী ব্যক্তিদের মোট সংখ্যার ২ শতাংশের কম।

‘অবৈধ যোদ্ধা’ হিসেবে আটক ছাড়াও ৭ অক্টোবরের হামলার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে প্রায় ৩০০ ফিলিস্তিনি ইসরায়েলে আটক আছেন। তাঁদের অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে আটক রাখা হয়েছে। ইসরায়েলের দাবি, এসব বন্দীকে বিচারের মুখোমুখি করার মতো যথেষ্ট প্রমাণ আছে। তবে এখনো বিচারকাজ শুরু হয়নি।

গত ফেব্রুয়ারিতে ১৮৩ জন ফিলিস্তিনি বন্দী ইসরায়েলের সঙ্গে বন্দী বিনিময় প্রক্রিয়ার অংশ হিসেবে মুক্তি পান। এসব বন্দীর অনেককেই অভিযোগ ছাড়া আটক করা হয়েছিল। মুক্তি দেওয়ার পর প্যালেস্টিনিয়ান প্রিজনারস সোসাইটি বলেছে, বন্দীদের শরীরে নির্যাতনের চিহ্ন স্পষ্ট দেখা গেছে।

গাজায় যুদ্ধ চলাকালে ইসরায়েলের বিরুদ্ধে বারবার নিরীহ নাগরিকদের ভুলভাবে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করার অভিযোগ উঠেছে। অনেক সাংবাদিককেও সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করা হয়েছে।

মার্চে ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদনে বলা হয়েছে, ওই সময়ে ইসরায়েল সরকার যে ৯ হাজার যোদ্ধাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছিল, তার বেশির ভাগই সাধারণ নাগরিক।

গত ফেব্রুয়ারিতে ১৮৩ জন ফিলিস্তিনি বন্দী ইসরায়েলের সঙ্গে বন্দী বিনিময় প্রক্রিয়ার অংশ হিসেবে মুক্তি পান। এসব বন্দীর অনেককেই অভিযোগ ছাড়া আটক করা হয়েছিল। মুক্তি দেওয়ার পর প্যালেস্টিনিয়ান প্রিজনারস সোসাইটি বলেছে, বন্দীদের শরীরে নির্যাতনের চিহ্ন স্পষ্ট দেখা গেছে।

তথ্য ফাঁসকারীদের জবানবন্দি এবং ভিডিও প্রমাণ বিশ্লেষণ করে দেখা গেছে, ইসরায়েলি নিরাপত্তারক্ষীরা ফিলিস্তিনি বন্দীদের ধর্ষণ করেছে। এ ছাড়া ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত কমপক্ষে ৭৫ জন ফিলিস্তিনি বন্দী ইসরায়েলি হেফাজতে মারা গেছেন।

গত জুলাইয়ে জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়, প্রাপ্ত জবানবন্দি অনুযায়ী বোঝা যাচ্ছে, বন্দীদের ওপর কুকুর লেলিয়ে দেওয়াসহ নানা নির্যাতন করা হয়েছে, যা আন্তর্জাতিক মানবাধিকার আইন ও মানবিক আইনের স্পষ্ট লঙ্ঘন।