গাজায় একের পর এক বোমা পড়ছে, ইসরায়েলে চলছে লড়াই

গাজার আশকেলন শহরে ইসরায়েলের হামলায় বিধ্বস্ত একটি ভবন। গাজায় রাতভর বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। সেখানে হামাস ও ইসরায়েলি বাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে। ৯ অক্টোবর
এএফপি

গাজা উপত্যকার কাছে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে সাত থেকে আটটি জায়গায় হামাসের সঙ্গে লড়াই চলছে ইসরায়েলি সেনাবাহিনীর। আজ রোববার সকালে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে এমন তথ্য জানিয়েছে।

আইডিএফ আরও বলেছে, গাজায় এক হাজারের বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তারা। সাংবাদিকদের এক ব্রিফিংয়ে লেফটেন্যান্ট কর্নেল রিচার্ড হেচট বলেছেন, ‘এই অভিযান অন্যগুলোর চেয়ে আলাদা। হামাসকে প্রতিহত করতে আমাদের প্রত্যাশ্যার চেয়ে বেশি সময় লাগছে।’

গাজার আশকেলন শহরে ইসরায়েলের হামলায় বিধ্বস্ত একটি ভবন। গাজায় রাতভর বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। সেখানে হামাস ও ইসরায়েলি বাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে। ৯ অক্টোবর

গাজায় নিযুক্ত আল–জাজিরার সাংবাদিক তারেক আবু আজজুম বলেছেন, কয়েক ঘণ্টার মধ্যে ফিলিস্তিনের দখলকৃত এলাকায় ইসরায়েল একের পর এক বোমা হামলা চালিয়েছে। গাজার আকাশ ইসরায়েলি যুদ্ধবিমান ও ড্রোনে ছেয়ে গেছে। গাজার কিছু শহর বিশেষ করে বেইত হানুনে এক ঘণ্টারও বেশি সময় ধরে একনাগাড়ে বোমা পড়তে দেখেছে আজজুম।

আবু আজজুম আরও বলেন, হামলার হতাহত কতজন তা হাসপাতাল সূত্রে নিশ্চিত হওয়া যায়নি।

শনিবার সকালে ইসরায়েলে আকস্মিক হামলা করে হামাস। একযোগে ছোড়া হয় হাজার পাঁচেক রকেট। শুরুতে কিছুটা হতবাক হলেও অল্প সময়ের মধ্যে পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল। হামলা-পাল্টা হামলায় প্রাণ যায় দুই পক্ষের হাজারখানেক মানুষের। গতকাল রোববার হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ইসরায়েল।