
ইরানের দক্ষিণ–পূর্বাঞ্চলের শহর কেরমানের জনাকীর্ণ স্থানে জোড়া বোমা বিস্ফোরণের জন্য কে বা কারা দায়ী, তা এখনো স্পষ্ট নয়। তবে যারাই এই অপকর্মের পেছনে থাকুক না কেন, তারা যে আঞ্চলিক সংঘাত উসকে দিতে চায়, তা পরিষ্কার।
ওয়াশিংটনের কর্মকর্তারা ইসলামিক স্টেট (আইএস) অথবা এ রকম সুন্নি চরমপন্থী গোষ্ঠীর সম্ভাব্য ভূমিকার দিকেই ইঙ্গিত করছেন এবং তাঁরা ইসরায়েল ও ধর্মনিরপেক্ষ (সেকুলার) ইরানি বিদ্রোহী গোষ্ঠী মুজাহেদিন-ই-খালেকের (এমইকে) অংশীদারত্বের ব্যাপারে কিছু বলছেন না, যদিও এর আগে ইরানের ভেতরে হামলা চালানোর পেছনে তাঁদের ভূমিকার কথা আলোচনায় এসেছে।
অবশ্য আগের এসব হামলার বেশির ভাগই ছিল গুপ্তহত্যা; কখনো বিজ্ঞানীদের ওপর হামলা হয়েছে অথবা নাশকতা চালানো হয়েছে। কেরমানে চালানো গতকাল বুধবারের (৩ জানুয়ারি) বোমা হামলার ধরনের সঙ্গে যা মেলে না, এমনটাই যুক্তি তুলে ধরছেন মার্কিন ও ব্রিটিশ কর্মকর্তারা। হামলাটি চালানো হয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সাবেক প্রধান এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চিরশত্রু কাশেম সোলাইমানির খুন হওয়ার চতুর্থ বার্ষিকীতে শোক পালনকারীদের উদ্দেশ্যে। হামলাটি ছিল মারাত্মকভাবে ভয়ংকর; এতে নিহতদের মধ্যে অনেক বেসামরিক ব্যক্তিও রয়েছেন। সুতরাং এমইকে ও মোসাদকে সন্দেহের বাইরে রাখার পক্ষে এটিই যথেষ্ট বলে মার্কিন ও ব্রিটিশ কর্মকর্তাদের ভাষ্য।
ইরানের নেতৃত্ব এ হামলায় জড়িত অপরাধীদের নিয়ে প্রকাশ্যে অন্তত কোনো সন্দেহ প্রকাশ করেনি। প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি স্পষ্টভাবেই ইসরায়েলকে অভিযুক্ত করেছেন এবং হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এ জন্য ‘শোচনীয় মূল্য’ দিতে হবে। ইরানের প্রতিষ্ঠার পর থেকে সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার জন্য দেশটির সরকারের পক্ষে কোনোভাবে সাড়া না দেওয়ার বিষয়টি অসম্ভব হবে। কিন্তু রাইসি তাঁর কথায় কিছুটা ফাঁক রেখে দিয়েছেন। তিনি প্রতিশোধের তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেননি, বরং তা ‘সময়মতো ও সঠিক স্থানে’ নেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন।
ওয়াশিংটন ও তেল আবিবের ধারণা, ইসরায়েল ও তার পশ্চিমা সমর্থকদের সঙ্গে ইরান সংঘাত চায় না—অন্তত এখনই নয়। দেশটির আঞ্চলিক অংশীদার লেবাননের হিজবুল্লাহ ও ইয়েমেনের হুতি বাহিনী গাজাবাসীর দুর্ভোগের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ইসরায়েলের বিরুদ্ধে সরব হয়েছে। তবে হিজবুল্লাহর আন্তসীমান্ত রকেট হামলা এবং লোহিত সাগরে ইসরায়েলের বন্দরমুখী জাহাজে হুতি বিদ্রোহীদের হামলা তেমন জোরালো কিছু নয়। এসব হামলা সর্বাত্মক আঞ্চলিক যুদ্ধ বাধানোর পক্ষে বড় ভূমিকা রাখবে বলে মনে হয় না।
সাম্প্রতিক সময়ে লোহিত সাগরে জাহাজ লক্ষ্য করে হুতিদের ছোড়া বেশির ভাগ ক্ষেপণাস্ত্র ও ড্রোন মার্কিন নেতৃত্বাধীন একটি টাস্কফোর্সের মাধ্যেম প্রতিহত করা হয়েছে। আশ্চর্যের বিষয় হলো, এসব হামলার লক্ষ্যবস্তুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। এমন অবস্থা অব্যাহত না–ও থাকতে পারে এবং পেন্টাগন এরই মধ্যে এমন মত দিয়েছে, সাগরে মুক্তভাবে চলাচলের জন্য হুতিরা হুমকিস্বরূপ, যা দীর্ঘ সময় ধরে চলতে দেওয়া হয়েছে।
খ্রিষ্টীয় নববর্ষের প্রাক্কালে মার্কিন হেলিকপ্টার লোহিত সাগরে জাহাজে হামলা চালানোয় জড়িত হুতিদের তিনটি নৌযান ডুবিয়ে দিয়েছে। এসব নৌযানের ক্রুদের হত্যা করা হয়েছে। এর আগে শান্তিপ্রক্রিয়া ব্যাহত হওয়ার আশঙ্কায় ইয়েমেনের ক্ষেপণাস্ত্র ছোড়ার স্থান ও কমান্ড সেন্টারে সরাসরি হামলার বিষয়টি এড়িয়ে যাওয়া হয়েছে। তবে বিষয়টি এখন সম্ভাব্য সামরিক বিকল্প হিসেবে আলোচনার টেবিলে রয়েছে। গতকালই যুক্তরাষ্ট্র ও তাদের ১১ বৈশ্বিক মিত্র হুতিদের উদ্দেশে সতর্কতা জারি করেছে এই বলে যে আবারও জাহাজে হামলা চালানো হলে হুতিদের ‘এর পরিণতি ভোগ করতে হবে’।
মার্কিন প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘আমি মনে করি না যে আবারও (হুতিদের) সতর্ক করা হবে।’ তাঁর ভাষায়, ‘বিবৃতিটি নিজেই কথা বলে।’
এদিকে গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে বেসামরিক নাগরিকদের ওপর হামাসের হামলার পর থেকে তেহরানের ঝুঁকি-লাভের হিসাব কীভাবে প্রভাবিত হচ্ছে, তা জানাও অসম্ভব।
গত ২৫ ডিসেম্বর সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরায়েলি বিমান হামলায় ইরানের বিপ্লবী গার্ডের এক জ্যেষ্ঠ ব্যক্তি নিহত হন এবং এরপর গত মঙ্গলবার (২ জানুয়ারি) লেবানের বৈরুতে ইসরায়েলি ড্রোন হামলায় হামাসের রাজনৈতিক উপপ্রধান সালেহ আল-আরোরি প্রাণ হারান।
আরোরির হত্যাকাণ্ডকে ‘বৈরুতের দাহিয়েহের ওপর ইসরায়েলের স্পষ্ট আগ্রাসন’ বলে অভিহিত করেছেন হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ। দাহিয়েহ বৈরুতের দক্ষিণ শহরতলির একটি এলাকা, যেখানে হিজবুল্লাহর শক্ত ঘাঁটি রয়েছে। হাসান নাসরুল্লাহ এ হামলাকে হিজবুল্লাহ ও লেবাননের ওপর আক্রমণ হিসেবে দেখছেন।
ওয়াশিংটনের কূটনীতিকেরা বলছেন, ওয়াশিংটনে লেবাননের দূতাবাস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনকে আশ্বস্ত করেছে যে হামাস নেতা সালেহ হত্যাকাণ্ড হিজবুল্লাহর ব্যাপক প্রতিশোধের কারণ হবে না, যা ইসরায়েল ও লেবাননের মধ্যকার সীমান্ত নিয়ে বিতর্কিত ‘নীল রেখা’ বরাবর পরিস্থিতি উত্তপ্ত করে তুলতে পারে। তবে লেবানন সরকার হিজবুল্লাহর অভিপ্রায়ের ব্যাপারে সর্বদা সতর্ক ছিল না বলে মনে করেন কূটনীতিকেরা।
চরম বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির জন্য আরেকটি কার্যকরী উপাদান হলো ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতি। ৭ অক্টোবর থেকে উত্তর সীমান্তে ইসরায়েলিরা আর বেড়ার ওপারে (গাজা অংশে) শত্রুর উপস্থিতি সহ্য করতে প্রস্তুত নয়। যুক্তরাষ্ট্র এখানে দুই দফায় হস্তক্ষেপ করেছে। এক. ৭ অক্টোবর ইসরায়েলে চালানো হামাসের হামলার পরপর এবং দুই. বড়দিনের সময় হিজবুল্লাহ ও গোষ্ঠীটির চালানো আনুমানিক ১ লাখ ২০ হাজার রকেট হামলার জবাবে ইসরায়েলের পাল্টা হামলা বন্ধ করতে।
তবে এটা পরিষ্কার যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর মার্কিন চাপ রয়েছে, গাজা বা লেবাননের ক্ষেত্রে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনৈতিক উদ্বেগ সেই চাপকে অনেকটাই প্রশমিত করছে।
একজন ইউরোপীয় কূটনীতিক বলেছেন, নেতানিয়াহু যতটা আশা করেছিলেন, ততটা শুনতে পাচ্ছেন না। তাঁর ভাষায়, ‘যুদ্ধ সম্ভবত নেতানিয়াহুর জন্য ৭ অক্টোবরের সংশোধন ও ক্ষতিপূরণের একটি সুযোগ, তবে এই হিসাবের মধ্যেও ঘরোয়া রাজনীতি রয়েছে।’
ইসরায়েলি সরকারের মন্ত্রীরা একটি বিষয়ে বরাবরের মতোই এককাট্টা; যদি আন্তর্জাতিক সম্প্রদায় সীমান্তে হিজবুল্লাহর উপস্থিতির ব্যাপারে কোনো ব্যবস্থা না নেয়, তবে ইসরায়েল বিষয়টি নিজের হাতে তুলে নেবে।
বিদেশি বাহিনী ও লেবাননের সেনাবাহিনী ‘বাফার’ হিসেবে কাজ করবে—সাম্প্রতিক মাসগুলোতে এমন একটি সম্ভাব্য কূটনৈতিক সমাধানের দিকে তাকিয়ে আছে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স। আরেকটি বিকল্প হলো ‘নীল রেখা’ বরাবর জাতিসংঘের বাহিনীর মোতায়েন যাতে সম্ভব হয়, সে ব্যাপারে জোরালো পদক্ষেপ নেওয়া। তবে সালেহ হত্যাকাণ্ড ও কেরমানের নৃশংসতার পর এ ধরনের শান্তিপূর্ণ সমাধানের আশাকে আরও ক্ষীণ দেখাচ্ছে।