গাজায় বিরামহীন বোমাবর্ষণ, এক লাখ ইসরায়েলি সেনা জড়ো হয়েছেন

গাজা থেকে ছোড়া রকেট। ৭ অক্টোবর
ছবি: রয়টার্স

অবরুদ্ধ নগরী গাজায় গতকাল রোববার রাতে দফায় দফায় বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। গাজার শাসকগোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধ ঘোষণার পরই বেড়ে যায় বোমাবর্ষণ। ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, তারা গাজার পাশজুড়ে এক লাখ রিজার্ভ সেনাসদস্য নিয়োজিত করেছে।

হামাসের অস্ত্রধারী যোদ্ধাদের সঙ্গে ইসরায়েল সেনাবাহিনীর চরম লড়াই চলছে দক্ষিণ ইসরায়েলের তিন স্থানে। সেগুলো হলো—কারিমা, আসকেলন ও সেদারোত।

গত শনিবার ইসরায়েলে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় হামলা চালান গাজার শাসকগোষ্ঠী হামাসের যোদ্ধারা। মাত্র ২০ মিনিটে দেশটিতে ৫ হাজারের বেশি রকেট ছোড়ার কথা জানায় হামাস।

হামাসের হামলায় ইসরায়েলে শনিবার থেকে এ পর্যন্ত নিহত মানুষের সংখ্যা ৭০০ ছাড়িয়েছে। এর মধ্যে একটি সংগীত উৎসবে অংশ নেওয়া আড়াই শতাধিক মানুষ রয়েছেন।

শনিবারের হামলার পরপরই ইসরায়েলের সামরিক বাহিনী অবরুদ্ধ গাজায় বিমান হামলা ও ক্ষেপণাস্ত্র ছোড়া শুরু করে। গতকালও ব্যাপক বিমান হামলা অব্যাহত ছিল। এ ছাড়া ইসরায়েলি ভূখণ্ডে ঢুকে পড়া হামাস যোদ্ধাদের সঙ্গে লড়াই চলছে দেশটির সেনাদের।

এদিকে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলার পর গাজায় নিহত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৪১৩। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের বুলটিনে বলেছে, নিহত ৪১৩ জনের মধ্যে ৭৮টি শিশু রয়েছে। হামলায় এ পর্যন্ত ২ হাজার ৩০০–র বেশি মানুষ আহত হয়েছেন।

ওই বুলেটিনে বলা হয়, আটটি পরিবারের সব সদস্য হামলায় মারা গেছেন।

এদিকে জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থা কো–অর্ডিনেশন অব হিউম্যানেটেরিয়ান অ্যাফেয়ার্স বলেছে, গাজায় ইসরায়েলের হামলা পর ১ লাখ ২০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

ইসরায়েল বলেছে, হামাসের হামলায় এ পর্যন্ত ২ হাজার ৩৮২ জন নাগরিক আহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানায়। তাঁদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁদের মধ্যে ২২ জনের অবস্থা আশঙ্কাজনক। আর ৩৪৫ জন গুরুতর আহত হয়েছেন।