ইসলামাবাদ অভিমুখে লংমার্চ ঘোষণা ইমরানবিরোধীদের

মাওলানা ফজলুর রেহমান
এএফপি ফাইল ছবি

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ অভিমুখে লংমার্চের কর্মসূচি ঘোষণা করেছে পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট (পিডিএম)।

গতকাল রোববার লাহোরে এক সমাবেশ থেকে এই কর্মসূচি ঘোষণা করে দেশটির প্রধান বিরোধী দলগুলোর জোট পিডিএম। দ্য নিউজ অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

কর্মসূচি সম্পর্কে পিডিএমের প্রধান মাওলানা ফজলুর রেহমান বলেন, ‘আমরা ইসলামাবাদ অভিমুখে জানুয়ারির শেষ দিকে বা ফেব্রুয়ারির শুরুর দিকে লংমার্চ করব।’

কর্মসূচিতে বিরোধী দলের এমপির হাতে পদত্যাগপত্র নিয়ে আসবেন বলে জানান মাওলানা ফজলুর রেহমান।

পিডিএমের প্রধান বলেন, ‘আমরা এই অবৈধ সরকারকে (ইমরান খানের সরকার) আর ক্ষমতায় থাকতে দেব না।’

পিডিএম জোটের অন্যতম দল পাকিস্তান মুসলিম লিগের (পিএমএল-এন) ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ সমর্থকদের ইসলামাবাদ অভিমুখে ডাকা লংমার্চে অংশ নিতে আহ্বান জানিয়েছেন।

পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন, পিডিএম এখন রাজধানী অভিমুখে যাচ্ছে।

বিলাওয়াল ভুট্টো বলেন, আলোচনার সময় শেষ। তাঁরা এবার ইসলামাবাদ যাচ্ছেন।

পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খানের সরকার হটাতে দেশটির প্রধান বিরোধী দলগুলো জোট গঠন করে আন্দোলন করছে।

বিরোধীরা বলছে, ভোটে কারসাজি ও সেনাবাহিনীর সমর্থনে ইমরান ক্ষমতায় এসেছেন। তাঁর সরকারকে ‘অবৈধ’ আখ্যা দিচ্ছে তারা।