পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের হরিপুর শহরে বন্দুকধারীদের গুলিতে এক সাংবাদিক নিহত হয়েছেন। তাঁর নাম বখশিশ আহমেদ। তিনি উর্দু দৈনিক পত্রিকা দ্য কেটু টাইমস–এর ব্যুরোপ্রধান ছিলেন। বার্তা সংস্থা সিনহুয়া এ খবর প্রকাশ করেছে। কেটু টাইমস পত্রিকাটি হলো ইসলামাবাদ-ভিত্তিক পশতু ভাষী খাইবার টেলিভিশনের একটি প্রতিষ্ঠান। এই টেলিভিশনের খবরে বলা হয়েছে, সাংবাদিক বখশিশ আহমেদ হরিপুরে তাঁর কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় ওই বন্দুকধারী ব্যক্তি মোটরসাইকেলে এসে তাঁর ওপর গুলি চালায়। কেউ এখনো এ ঘটনার দায় স্বীকার করেনি।