পাকিস্তানে বিলাসবহুল হোটেলে বোমা হামলা, লক্ষ্য চীনের রাষ্ট্রদূত

পাকিস্তানের কোয়েটায় বুধবার রাতে বিলাসবহুল হোটেলে বোমা হামলা চালানো হয়েছে।
ছবি: রয়টার্স

পাকিস্তানে বেলুচিস্তানের কোয়েটা শহরে একটি বিলাসবহুল হোটেল ভয়াবহ বোমা হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১২ জন। বুধবার রাতে শক্তিশালী এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, চীনের রাষ্ট্রদূতকে হত্যার জন্য এই হামলা চালানো হয়েছে।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন স্থানীয় পুলিশের ডিআইজি আজহার ইকরামের বরাত দিয়ে জানায়, সেরেনা হোটেলে গাড়ি পার্কিংয়ের জায়গায় ভয়াবহ বোমা হামলার ঘটনা ঘটেছে।  প্রাথমিকভাবে মনে হচ্ছে, কোনো একটি গাড়িতে শক্তিশালী ওই বোমা রাখা ছিল। তিনি বলেন, এই হামলায় নিহত ব্যক্তিদের মধ্যে এক পুলিশ কর্মকর্তাও আছেন।

ঘটনার পরপর ফায়ার সার্ভিস, পুলিশ ও উদ্ধারকারী সংস্থার কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার তৎপরতা শুরু করেন। পুরো এলাকা ঘিরে রেখেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এই এলাকায় কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না।

এ ঘটনার পর এক সংবাদ সম্মেলনে বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মির জিয়াউল্লাহ বলেন, ‘এই অঞ্চলে সন্ত্রাসবাদের ঢেউ চলছে। এসব সন্ত্রাসী কার্যক্রমে আমাদের নিজেদের লোকজনই জড়িত।’ স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এই হামলার লক্ষ্যবস্তু ছিলেন পাকিস্তানে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত। তবে তিনি বিস্ফোরণের সময় ওই হোটেলে ছিলেন না। মন্ত্রী বলেন, ‘আমি একটু আগেই চীনের রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করেছি। তিনি সুস্থ ও ভালো আছেন।’  এ ঘটনার তদন্ত চলছে।

পাকিস্তানের কোয়েটায় বোমা হামলার পর জ্বলছে বিধ্বস্ত হোটেলের একাংশ

বেলুচিস্তান সরকারের মুখপাত্র লিয়াকত সায়ানি এক টুইটবার্তায় বলেন, এই হামলার ঘটনায় সম্ভাব্য সব বিষয় মাথায় রেখে তদন্ত করা হবে। এর সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

তাৎক্ষণিকভাবে কেউ এ হামলার দায় স্বীকার করেনি।