পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে সদ্য পাস হওয়া নারী সুরক্ষা আইনে প্রথম অভিযোগ দায়ের হয়েছে। প্রোটেকশন অব উইমেন এগেইন্সট ভায়োলেন্স অ্যাক্ট নামের ওই আইনটি গত ২৪ ফেব্রুয়ারি পাঞ্জাব প্রাদেশিক পরিষদে পাস হয়। এ আইনের আওতায় গত সোমবার প্রথম অভিযোগ (এফআইআর) দায়ের হয় লাহোরের এক থানায়। এক নারী এতে অভিযোগ করেন, মাদকাসক্ত স্বামী তাঁকে নির্যাতন করেছেন। নারীর ওপর যেকোনো ধরনের শারীরিক ও মানসিক নির্যাতনকে নিষিদ্ধ করা হয়েছে এ আইনে। স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেওয়াকেও বেআইনি করেছে এটি। এ আইন লঙ্ঘনে কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রয়েছে। প্রথম এফআইআর করা ওই নারী বলেন, এর আগে তিনি ছয় থেকে সাতবার থানায় অভিযোগ করতে গেলেও থানা এফআইআর নেয়নি।
ডন