পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান

দলকে সমঝোতা আলোচনা বন্ধ করতে বললেন ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খান সরকারের সঙ্গে তাঁর দলের চলমান সমঝোতা আলোচনা বন্ধ করতে বলেছেন। সরকারের পক্ষ থেকে সাত দিনের মধ্যে বিচার বিভাগীয় কমিশন গঠনে ব্যর্থতার অভিযোগে তিনি দলটির নেতাদের এ নির্দেশ দেন।

সরকারের সঙ্গে দুই দফা আলোচনায় ২০২৩ সালের ৯ মে ও গত বছরের ২৩ থেকে ২৭ নভেম্বর পিটিআইয়ের বিক্ষোভ ঘিরে সহিংসতার ঘটনায় বিচার বিভাগ গঠনের লিখিত দাবি জানিয়েছে পিটিআই।

পিটিআই চেয়ারম্যান গওহর আলী খান আদিয়ালা কারাগারের বাইরে সাংবাদিকদের বলেন, তাঁদের আইনি দল ও তিনি নিজে এক বছরের বেশি সময় কারাগারে থাকা ইমরান খানের সঙ্গে দেখা করেন। এ সময় ইমরান খান সরকারের পক্ষ থেকে বিচার বিভাগীয় কমিশন গঠনে দেরি নিয়ে ইমরান হতাশা ব্যক্ত করেন। তিনি বলেন, কমিশন গঠনে ব্যর্থতা মানে আলোচনা চালিয়ে যাওয়ার কোনো কারণ নেই।

গওহর বলেন, পিটিআই প্রতিষ্ঠাতা বুঝিয়ে দিয়েছেন আর কোনো ধাপের আলোচনা হবে না। সরকার ঘোষণা দিয়েও তা পালন করেনি, তাই ইমরান খান এ সিদ্ধান্ত নিয়েছেন।

গত ডিসেম্বরে রাজনৈতিক সমঝোতার লক্ষ্যে সরকারের গঠিত একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শুরু করে পিটিআই। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে এখনো কোনো অগ্রগতি হয়নি।

এর মধ্যেই ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে আল কাদির ট্রাস্ট দুর্নীতির মামলায় কারাদণ্ড ঘোষণা করা হয়েছে।