আফগানিস্তানের নানগারহার প্রদেশে একটি সড়ক দিয়ে সামরিক যান চলছে। গতকাল বৃহস্পতিবার প্রকাশিত এক ভিডিও থেকে নেওয়া এ স্থিরচিত্রে দেখা যায়, সীমান্তে টানা উত্তেজনার পর তালেবান পাকিস্তানের স্থাপনায় ‘প্রতিশোধমূলক হামলা’ চালানোর দাবি করলে রাতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সংঘর্ষ বাধে

‘অপারেশন গজব লিল–হক’

আফগানিস্তানের বেশ কিছু সামরিক পোস্ট ও ৮০ ট্যাংক ধ্বংসের দাবি পাকিস্তানের

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের মুখপাত্র মোশাররফ জাইদি দাবি করেছেন, পাকিস্তানি বাহিনীর অভিযানে এখন পর্যন্ত আফগান তালেবানের ২৭টি সামরিক পোস্ট ধ্বংস ও ৯টি দখল করা হয়েছে।

মোশাররফ জাইদি আরও বলেন, ‘অপারেশন গজব লিল–হক’ নামের এ অভিযানে তালেবানের ৮০টিরও বেশি ট্যাংক, কামান ও অস্ত্রধারী সৈন্যবাহী যান (এপিসি) ধ্বংস করা হয়েছে।

এদিকে তালেবানের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তারা গতকাল বৃহস্পতিবার রাতে পাকিস্তানের ১৯টি সামরিক চৌকি ও দুটি ঘাঁটি দখল করেছে। তাদের দাবি অনুযায়ী, অভিযানে মোট ৫৫ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর মুখপাত্র জাইদি আজ শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে লেখেন, ‘আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তানের তাৎক্ষণিক ও কার্যকর পাল্টা জবাব অব্যাহত রয়েছে।’

তবে উভয় পক্ষের দেওয়া এসব তথ্য নিরপেক্ষভাবে যাচাই করা কঠিন হয়ে পড়েছে।  সাম্প্রতিক সংঘাত শুরুর পর থেকেই দুই দেশ একে অপরের ব্যাপক ক্ষয়ক্ষতি করার দাবি করে আসছে।