পাকিস্তানের অর্থনৈতিক সংকট মোকাবিলায় বর্তমান সরকারের নেওয়া নানা পদক্ষেপের কড়া সমালোচনা করেছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। দেশে শিগগিরই নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে তিনি বলেছেন, এ সরকার পাকিস্তানকে খাদের কিনারে নিয়ে যাবে। খবর আল–জাজিরার
রাজধানী ইসলামাবাদে গতকাল বৃহস্পতিবার বিদেশি বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ইমরান। সাংবাদিকদের আলাপচারিতার একপর্যায়ে তিনি বলেন, ‘যদি অর্থনীতি ধসে পড়ে এবং আমরা ঋণ পরিশোধের সক্ষমতা হারাই, তাহলে কী হবে? পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।’
রিজার্ভে ঘাটতি ও রুপির মান পড়ে যাওয়ায় আগে থেকেই বিপর্যস্ত পাকিস্তানের অর্থনীতি। এর মধ্যেই আবার দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। বন্যাকবলিত এলাকাগুলোয় ১ হাজার ৭০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। মোট ক্ষতির পরিমাণ ৩ হাজার কোটি ডলার।
বিশ্বব্যাংকের এক প্রতিবেদন বলছে, বন্যার জেরে পাকিস্তানে দারিদ্র্যের হার ২ দশমিক ৫ শতাংশ থেকে ৪ শতাংশ বেড়ে যাবে। বর্তমানে পাকিস্তানের ২২ কোটি মানুষের প্রায় ২০ শতাংশ দারিদ্র্যসীমার নিচে রয়েছে।
বৃহস্পতিবার গণমাধ্যমকে ইমরান বলেন, ‘আমি জানি না কোন পর্যায়ে দেশের অর্থনীতিকে নিজেদের আয়ত্তে আনতে পারব। তবে আমি গভীর সংকটের আশঙ্কা করছি। ২০১৮ সালে আমরা ক্ষমতায় আসার সময় অর্থনীতি যে সমস্যার মধ্যে ছিল, তার চেয়ে এ সংকট আরও ভয়াবহ হবে। যত দ্রুত রাজনৈতিক স্থিতিশীলতা আসবে, তত দ্রুত অর্থনীতিতেও স্থিতিশীলতা আসবে।’
গত এপ্রিলে পাকিস্তানের পার্লামেন্টে এক অনাস্থা ভোটের মধ্য দিয়ে পতন হয় ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতৃত্বাধীন সরকারের। ক্ষমতায় আসে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) নেতা শাহবাজ শরিফের নেতৃত্বাধীন জোট।
প্রধানমন্ত্রিত্ব হারানোর পর থেকে পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে সরকারবিরোধী সভা–সমাবেশ করছেন ইমরান, দাবি তুলছেন আগাম নির্বাচন আয়োজনের। সংবিধান অনুয়ায়ী আগামী বছরের ২৩ অক্টোবর পাকিস্তানের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।