কবে বিয়ে করবেন বিলাওয়াল ভুট্টো

বিলওয়াল ভুট্টো
ছবি: রয়টার্স

গত বছরের সেপ্টেম্বর মাসের শেষ দিকের কথা। পাকিস্তানের তরুণ পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো গিয়েছেন জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে যোগ দিতে, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। সেখানে এক সংবাদ সম্মেলনে কথা বলছিলেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) ৩৫ বছর বয়সী এই চেয়ারম্যান। সংবাদ সম্মেলন শেষ করে উঠে যাবেন, এমন সময় প্রশ্ন ছুড়ে দিলেন আরব নিউজের এক সাংবাদিক। তাঁর প্রশ্ন, ‘আমাদের অনেক পাকিস্তানি বন্ধু জানতে চান, বিয়ে করার কোনো পরিকল্পনা আছে কি আপনার?’

প্রশ্ন যেহেতু এসেছে, জবাব দিতেই হবে। সেদিন বিলাওয়াল দারুণ মুডে ছিলেন। দুষ্টু হাসিতে জবাব দিলেন, ‘অফ কোর্স, আই হ্যাভ প্ল্যান টু ম্যারি।’ অর্থাৎ, অবশ্যই আমার বিয়ে করার পরিকল্পনা আছে। এরপর ওই সাংবাদিক জানতে চাইলেন, কখন? জবাবে বিলাওয়াল ‘আমি একটু ব্যস্ত আছি’ বলে সঙ্গীদের নিয়ে স্থান ত্যাগ করলেন।

প্রায় এক দশক ধরে যেখানেই যাচ্ছেন, সাংবাদিকদের এ প্রশ্নের জবাব দিতে হচ্ছে বিলাওয়ালকে। পাকিস্তানের ‘মোস্ট এলিজেবল ব্যাচেলর’ বা সবচেয়ে যোগ্য অবিবাহিত যুবকদের একজন তিনি। পাকিস্তানের সাবেক ক্রিকেট তারকা ও পরে প্রধানমন্ত্রী ইমরান খানের ক্ষেত্রেও এ বিশেষণ হামেশা প্রয়োগ করা হতো।

আমরা জানি, বিলাওয়ালের বাবা পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, মা দুবারের প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো, নানা সাবেক প্রধানমন্ত্রী ও পিপিপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো। ‘লারকানার জমিদার’ বলা হয় তাঁদের। সিন্ধু প্রদেশের একটি জেলা শহর লারকানা। জনসংখ্যার দিক থেকে এটি পাকিস্তানের ১৫তম বৃহত্তম শহর।

বিলাওয়াল মা-বাবা উভয় দিক থেকেই একজন সিন্ধি। বিলাওয়াল লেখাপড়া করেছেন অক্সফোর্ডে, যেখানে পড়েছেন তাঁর মা বেনজির ভুট্টো ও নানা জুলফিকার আলী ভুট্টোও।

বাবা পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সঙ্গে বিলওয়াল ভুট্টো


বিলাওয়ালের বিয়ের বয়স পেরিয়ে গেছে—এটা বলা যাবে না। বাবা আসিফ আলী জারদারি বিয়ে করেছিলেন ৩২ বছর বয়সে, ১৯৮৭ সালে। মা বেনজিরের বয়স তখন ৩৪ বছর। অর্থাৎ আসিফ আলী জারদারির চেয়ে বেনজির দুই বছরের বড়।

পরের বছরই বিলাওয়ালের জন্ম। তাঁর দুটো বোন রয়েছে। তাঁদের নাম বখতাওয়ার জারদারি ও আসিফা জারদারি। যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করা বখতাওয়ার বিয়ে করেন ২০২১ সালের জানুয়ারি। তাঁর স্বামীর নাম মাহমুদ চৌধুরী, যিনি মধ্যপ্রাচ্যভিত্তিক একজন ব্যবসায়ী। বখতাওয়ার ইতিমধ্যে দুই পুত্রসন্তানের মা। আর ছোট বোন ইনস্টাগ্রাম তারকা আসিফার বয়স ২৯ হতে চলল। এখনো বিয়ে করেননি। দুই বোনই রাজনীতির পাশাপাশি সামাজিক নানা কাজের সঙ্গে যুক্ত।

২০০৭ সালে মা বেনজির ভুট্টো জঙ্গি হামলায় নিহত হওয়ার পর পরিবারটি অনেক কঠিন সময় পার করেছে। মাত্র ১৯ বছর বয়সে বিলাওয়ালকে পিপিপির নেতৃত্ব নিতে হয়েছিল। তখন তাঁদের তিন ভাইবোনের দেখভালের দায়িত্ব নেন ফুফু ফারিয়াল তালপুর, যিনি পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য ছিলেন।

হিনা রব্বানী খার ও বিলাওয়াল ভুট্টো


বিলাওয়ালের কাঁধে এখন বিরাট দায়িত্ব। বর্তমান জোট সরকারের পররাষ্ট্রমন্ত্রী, এরপর পিপিপির মতো দল পরিচালনা। সব মিলে কঠিন এক সময় পার করছেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এরই মধ্যে নয়টি মাস পার করেছেন।

পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্র, ভারত ও আফগানিস্তানের সম্পর্ককে খুবই গুরুত্ব দেওয়া হচ্ছে। কিন্তু এ ক্ষেত্রে বিশেষ কোনো সাফল্য নেই। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের উন্নতি হয়েছে বলে বিলাওয়াল দাবি করে আসছেন। কিন্তু পাকিস্তানের প্রতি আফগান নেতাদের মনোভাব তিনি পরিবর্তন করতে পারেননি। তিনি আফগানিস্তান সফরেও যাননি। ভারতের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে সরাসরি যোগাযোগ স্থাপন করতে চেয়েছিলেন তিনি। কিন্তু ভারতের দিক থেকে সাড়া মেলেনি। একমাত্র জার্মানি সফর করে কাশ্মীরের পক্ষে একটি বিবৃতি আনতে পেরেছেন বিলাওয়াল, ভারত যেটার খুব বিরোধিতা করেছে।

বিলাওয়ালের অপর একটি ভূমিকার কথা বেশি আলোচিত হয়ে থাকে। তা হলো, তেহরিক–ই–ইনসাফ দলের নেতা ইমরান খানকে উৎখাতে তাঁর প্রচেষ্টা।

তাহলে বিলাওয়াল বিয়েটা করছেন কবে?

কেবল বিলাওয়াল নয়, দলের নেতাদেরও মাঝেমধ্যে এমন প্রশ্নের জবাব দিতে হয়। যেমন ২০২১ সালে এ প্রশ্নের জবাব দিতে হয়েছিল সিন্ধু প্রদেশের কৃষিমন্ত্রী মানজুর ওয়াসানকে। করাচিতে এক সংবাদ সম্মেলনে সে সময় তিনি বলেছিলেন, বিলাওয়াল বিয়ে করতে পারেন ২০২২ অথবা ২০২৩ সালে, পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার পর।

২০২২ সাল চলে গেছে। ২০২৩ সালের জানুয়ারি মাসও চলে গেল। এ বছর বিলাওয়ালের পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা ক্ষীণ। কারণ, এ বছর কোনো সাধারণ নির্বাচন হবে না, আচমকা কিছু না ঘটলে।

বিয়ে না হয় এ বছর বা আগামী বছর করলেন, কিন্তু পাত্রীটা কে? বিলাওয়ালের প্রেম-রোমান্স বিষয়ে বিশেষ কোনো তথ্য পাওয়া যায় না; যদিও ধনী ও সম্ভ্রান্ত পরিবারের তরুণীদের অনেকেই বিলাওয়ালকে বিয়ে করার স্বপ্ন দেখেন। তবে গণমাধ্যমে সাম্প্রতিক সময়ে এ বিষয়ে কোনো আলোচনা নেই। সে ক্ষেত্রে ধরে নেওয়া যেতে পারে, পারিবারিকভাবে সম্বন্ধ করেই বিয়ে হবে।

গত ২০ অক্টোবর ডেইলি পাকিস্তানের একটা খবর আলোচনার দাবি রাখে। সেখানে ইঙ্গিত দেওয়া হয়েছে, পিপিপির প্রতিষ্ঠাতা সদস্য রোকিয়া খানুম সুমরোর নাতনি মেহেনুর সুমরোকে বিয়ে করতে যাচ্ছেন বিলাওয়াল। তবে এ খবর প্রকাশের পরপরই এক টুইট বার্তায় গর্জিয়াস এই তরুণী বলেছেন, ‘আমার বিয়ে বিষয়ে দয়া করে ভুয়া নিউজ ছড়ানো বন্ধ করুন। চেয়ারম্যান ভুট্টো জারদারি (বিলাওয়াল) আমাদের দলের নেতা। সব সমর্থকের কাছে পিপিপি একটি পরিবারের মতো। ধন্যবাদ।’

এর আগে অবশ্য বিলাওয়াল একবার বলেছেন, তিনি বিয়ের অনেক প্রস্তাব পাচ্ছেন। তবে তাঁর ছোট দুই বোনের পছন্দেই বিয়ে করবেন।

তবে প্রেম–বিয়ে নিয়ে কখনো কখনো বিতর্কেও জড়িয়ে পড়েছেন বিলাওয়াল। একবার ব্রিটিশ পত্রিকা দ্য ডেইলি মেইল অক্সফোর্ডে বিলাওয়ালের ছাত্রজীবনের গল্প নিয়ে প্রতিবেদন করে। সেখানে এমন লেখা হয়, বিলাওয়াল এমন একটি গ্রুপের সঙ্গে মিশতেন, যেখানে অ্যালকোহল, নৈশ আড্ডা খুব সাধারণ ব্যাপার ছিল। সেখানে নারী ছাড়াও উভকামী বন্ধুরা ছিল। তবে বিলাওয়ালকে প্রকাশ্যে মদ্যপানে দেখা যায়নি—এ কথাও লেখা হয় প্রতিবেদনে।

এর চেয়েও গুরুতর পরিস্থিতি বিলাওয়ালের জীবনে এসেছে। ২০১২ সালে একবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ল, তখনকার পররাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানী খারের সঙ্গে পরকীয়া করছেন বিলাওয়াল। ভারতের ইন্ডিয়া টুডে, ওয়ানইন্ডিয়াসহ অনেক মিডিয়াই তখন এ নিয়ে প্রতিবেদন করে। তখনকার পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল এবং পাকিস্তানের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী হিনা একাধিক রাষ্ট্রীয় ও ব্যক্তিগত সফরে দেশের বাইরে গিয়েছেন, সময় কাটিয়েছেন—এমন খবর সে সময় এসেছে। দুই সন্তানের জননী হিনা বিলাওয়ালকে নিয়ে সুইজারল্যান্ড চলে যাবেন—এমন খবরও সামাজিক যোগাযোগমাধ্যমে এসেছে। হিনার স্বামী ফিরোজ গুলজারের বিবাহবহির্ভূত সম্পর্ক বিলাওয়ালের সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জনকে আরও উসকে দিয়েছিল। তবে একটা সময় এসব খবর কমে আসতে শুরু করে।

এ লেখা এখানেই শেষ হোক। রাজনীতিবিদ বা তারকাদের ব্যক্তিগত জীবনের প্রতি সাধারণ মানুষের আগ্রহ থাকে। সে জায়গা থেকেই এ রচনা। তবে পাকিস্তানের সাধারণ মানুষ ও পিপিপির কর্মী-সমর্থকেরা রাজনীতির মঞ্চে বিলাওয়াল ভালো করবেন—এমনটাই দেখতে চান।

কাজী আলিম-উজ-জামান প্রথম আলোর উপবার্তা সম্পাদক
alim.zaman@prothomalo.com