ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ (ডানে) পরবর্তী সরকার গঠনের জন্য অনুমোদন দিয়েছেন বিরোধী নেতা গাদি আইজেনকটকে। প্রেসিডেন্ট কার্যালয়, জেরুজালেম, ০৮ নভেম্বর
ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ (ডানে) পরবর্তী সরকার গঠনের জন্য অনুমোদন দিয়েছেন বিরোধী নেতা গাদি আইজেনকটকে। প্রেসিডেন্ট কার্যালয়, জেরুজালেম, ০৮ নভেম্বর

সরকার গঠনের দায়িত্ব পেয়ে আইজেনকট বললেন, সবার জন্য দরজা খোলা

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর শাসনের অবসান ঘটানোর সুযোগ পেয়েছেন বিরোধী জোটের নেতা গাদি আইজেনকট। সাবেক এই সেনাপ্রধানকে সরকার গঠনের জন্য আনুষ্ঠানিকভাবে দায়িত্ব দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। আজ রোববার এই দায়িত্ব পাওয়ার পর তিনি বলেছেন, ‘যে কারও জন্য আমার দরজা খোলা।’

গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে কোনো দল বা জোট সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে সরকার গঠনের কঠিন সমীকরণের মধ্যে আইজেনকট সরকার গঠনের কাজ শুরু করেছেন। তিনি নেতানিয়াহুর জোটের দলগুলোর সঙ্গেও যোগাযোগের চেষ্টা করছেন। সরকার গঠনের জন্য ২৮ দিনের সময় পেয়েছেন তিনি।

প্রেসিডেন্টের কার্যালয়ে আজ আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের দায়িত্ব পাওয়ার পর আইজেনকট বলেন, ‘আমরা এক জরুরি পরিস্থিতির মধ্যে আছি। ইসরায়েল রাষ্ট্র এমন এক জায়গায় যাচ্ছে, যেখান থেকে ফিরে আসার উপায় নেই। আমাদের একটি জাতীয় জরুরি সরকার গঠন করতে হবে। এর জন্য সৃজনশীল এবং ব্যতিক্রমী রাজনৈতিক পদক্ষেপের প্রয়োজন হবে।’

নেতানিয়াহুর সময় ইসরায়েল আন্তর্জাতিক বিশ্বে একঘরে হয়ে পড়েছে উল্লেখ করে আইজেনকট বলেন, ‘আমরা এক ভয়াবহ কূটনৈতিক সংকটের মধ্যে আছি। এমনকি আমাদের নিকটতম বন্ধু ও কৌশলগত মিত্ররাও বলছে, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক আবার বিবেচনা করা দরকার।’

আইজেনকট নেতানিয়াহুর লিকুদ পার্টির পাশাপাশি অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচের অতি ডানপন্থী পার্টিকেও তাঁর সরকারে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। তবে শর্ত হলো প্রধানমন্ত্রী হিসেবে কেবল তিনিই থাকবেন।

আইজেনকট বলেন, ‘বর্তমান পরিস্থিতিকে গভীরভাবে বোঝেন, এমন যে কারও জন্য আমার দরজা খোলা এবং আমার হাত আন্তরিকভাবে ও সানন্দে প্রসারিত।’

ভোটে আইজেনকটের নেতৃত্বাধীন জোট পেয়েছে ৪৮টি আসন। আরব নেতাদের নেতৃত্বাধীন দল রাআম ও জোট জয়েন্ট লিস্টের ১৯টি আসন যোগ হলে দাঁড়ায় ৬৭। ইসরায়েলের ১২০ আসনের পার্লামেন্ট নেসেটে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৬১ আসন। কিন্তু আরবদের সমর্থনে সরকার গঠনে আইজেনকটের জোটের শরিক দলগুলোর আপত্তি রয়েছে। ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় প্রধানমন্ত্রী থাকা নেতানিয়াহু বিরতি দিয়ে প্রায় দুই দশক ধরে দেশ শাসন করেছেন। এবারের ভোটে তাঁর লিকুদ পার্টি পেয়েছে সর্বোচ্চ ২৭টি আসন। ধর্মীয় ও জাতীয়তাবাদী মিত্রদের নিয়ে তাঁর জোটের আসন ৫৩টি। তবে এই জোটের দল ইউনাইটেড তোরাহ জুডাইজম (ইউটিজে) প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় জানিয়েছে, তারা কোনো পক্ষকে সমর্থন দিচ্ছে না। এতে সরকার গঠনের দৌড়ে পিছিয়ে পড়েন নেতানিয়াহু। ইউটিজের আসন রয়েছে সাতটি।