বিচিত্র

ললিপপ সাজিয়ে রেকর্ড

রেকর্ড গড়তে একটির পর একটি ললিপপ সারি ধরে সাজাচ্ছেন একজন স্বেচ্ছাসেবী
সংগৃহীত

ললিপপ হাতে পেলে নিশ্চয়ই সেটি খাওয়ার কথা আগে মাথায় আসবে। কিন্তু একটির পর একটি ললিপপ সারি ধরে সাজিয়ে বিশ্ব রেকর্ড গড়ার ভাবনা কিছুটা বিচিত্রই বলা যায়। এমন কাণ্ডই ঘটেছে দক্ষিণ আফ্রিকার ডারবানে। মূলত দাতব্য কাজের তহবিল সংগ্রহের জন্য সেখানে এমন আয়োজন করা হয়েছিল।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি গত মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে, ডারবানে ১১ হাজার ৬০২টি ললিপপ মাটিতে একের পর এক সাজিয়ে রেকর্ড গড়া হয়েছে। গত ৬ আগস্ট ডারবানের জনপ্রিয় পর্যটনকেন্দ্র বিচফ্রন্ট প্রোমেনাদে এই আয়োজন করা হয়। আয়োজনের পেছনে ছিল বেসরকারি সংস্থা ন্যাশনাল সি রেসকিউ ইনস্টিটিউট (এনএসআরআই)। ওই দিন প্রতিষ্ঠানটির স্টেশন–৫–এর ২৭ স্বেচ্ছাসেবী রেকর্ড গড়ার জন্য একের পর এক ললিপপ সারি ধরে সাজান।

পুরো ঘটনাটির ভিডিও–ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়েছে। তাতে দেখা যায়, একটির পর একটি ললিপপ কাঠি ছুঁয়ে সারি ধরে সাজিয়ে রাখা হয়েছে। এর আগে একসঙ্গে এতসংখ্যক ললিপপ সাজানোর ঘটনা আর ঘটেনি। বিশ্ব রেকর্ডের জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের কাছে আবেদন করেছেন আয়োজকেরা। এখন গিনেস কর্তৃপক্ষ যাচাই–বাছাই শেষে চূড়ান্ত স্বীকৃতি দেবে।

এনএসআরআইয়ের স্বেচ্ছাসেবী লুথান্দো নাকুলুঙ্গা বলেন, ‘আমরা জীবন বাঁচানোর কাজ করি। এটা সবচেয়ে কঠিন কাজগুলোর একটি। তাই সাড়ে ১১ হাজারের বেশি ললিপপ সাজানোর কাজটি আমাদের জন্য কঠিন ছিল না। তহবিল সংগ্রহের জন্য আমরা এমন আয়োজন করেছিলাম।’

দক্ষিণ আফ্রিকায় ১৯৬৭ সালে প্রতিষ্ঠা পায় এনএসআরআই। জলপথে উদ্ধার তৎপরতা, অভিযান পরিচালনার কাজ করেন প্রতিষ্ঠানটির স্বেচ্ছাসেবীরা।