চিলিতে সংবিধান সংশোধন, ক্ষুদ্র জাতিসত্তার জন্য ১৭ আসন

চিলির সান্তিয়াগোতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষদের বিক্ষোভ
 রয়টার্স ফাইল ছবি

চিলির পার্লামেন্টে ১৫৫টি আসনের মধ্যে ১৭টি দেশটির ক্ষুদ্র জাতিসত্তার প্রতিনিধিদের জন্য সংরক্ষণে গত মঙ্গলবার রাতে একটি বিল অনুমোদন করেছেন আইনপ্রণেতারা। এটি দেশটির মধ্য ডানপন্থী প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরার সরকারের এক ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। খবর রয়টার্সের।

এর আগে গত অক্টোবরে এক ভোটাভুটিতে চিলির স্বৈরশাসক আমলে রচিত সংবিধান সংশোধনের পক্ষে বিপুলভাবে সমর্থন জানান দেশটির জনগণ। নতুন সংবিধানে স্বাস্থ্য, পেনশন ও শিক্ষা খাতে আরও বেশি সমতা প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন তাঁরা। বিভিন্ন ক্ষেত্রে বিরাজমান বৈষম্যের বিরুদ্ধে ২০১৯ সালে দেশটিতে যে গণবিক্ষোভ হয়েছিল, তার প্রধান দাবি ছিল সংবিধান পুনর্লিখন নিয়ে ওই ভোটের আয়োজন।

বেশির ভাগ ভোটার বলেছেন, তাঁরা চান বিশেষভাবে নির্বাচিত নাগরিকদের সমন্বয়ে গঠিত প্রতিনিধি পর্ষদ যেন নতুন সংবিধানের খসড়া তৈরি করে এবং সেখানে নারী ও পুরুষ সদস্যদের সমান অংশগ্রহণ থাকবে। তবে প্রাথমিক ওই ভোটাভুটিতে আদিবাসী দলগুলোর প্রতিনিধিদের জন্য আসন সংরক্ষণের কথা বলা হয়নি।

এখন গত মঙ্গলবার আইনপ্রণেতাদের গৃহীত ওই পদক্ষেপের ফলে দক্ষিণ আমেরিকার এই দেশটিতে প্রধান আদিবাসী সম্প্রদায়গুলোর প্রতিটির জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা থাকবে।

এ প্রসঙ্গে চিলির সামাজিক উন্নয়নবিষয়ক মন্ত্রী কার্লা রুবিলার সাংবাদিকদের বলেন, ‘সর্বসম্মত ভোটের জন্য কংগ্রেস ও সিনেটকে আমরা ধন্যবাদ জানাতে চাই।

আদিবাসীদের স্বীকৃতিতে এটি একটি ঐতিহাসিক মাইলফলক।’

সংবিধান পুনর্লিখনে আগামী এপ্রিলে ওই প্রতিনিধি পর্ষদ নির্বাচিত হওয়ার কথা রয়েছে। সংবিধানের নতুন খসড়ার বিষয়ে একমত হতে এক বছরের মতো সময় পাবে পর্ষদ। পর্ষদের দুই–তৃতীয়াংশ সদস্যের সমর্থনের ভিত্তিতে খসড়া অনুমোদিত হবে। এরপর এই খসড়া গ্রহণ করবেন, নাকি আগের সংবিধানেই থাকবেন, সে বিষয়ে সাধারণ জনগণ আবার ভোটে অংশ নেবেন।

উল্লেখ্য, চিলির সরকারি পরিসংখ্যান অনুযায়ী, দেশটির ১ কোটি ৭০ লাখ মানুষের মধ্যে প্রায় ২২ লাখ আদিবাসী জনগোষ্ঠীর সদস্য।