শ্বাসরোধে ১২৪ কুমিরের মৃত্যু

মেক্সিকোতে একটি ট্রাকে গাদাগাদি করে নিয়ে যাওয়ার সময় শ্বাসরোধে মারা গেছে ১২৪টি কুমির। পরস্পরের সঙ্গে আঘাত লেগে কুমিরগুলো মারা যায়। গতকাল বুধবার কর্তৃপক্ষ এ খবর জানিয়েছে।

এএফপির খবরে জানানো হয়, ক্যারিবীয় অঞ্চলের উপকূলবর্তী রাজ্য কুইনতানা রুতে বন্যপ্রাণী-বিষয়ক প্রতিষ্ঠান কোকোড্রাইলোস এক্সোটিকোস ওই কুমিরগুলো বহন করছিল। পরিবেশবিষয়ক কৌঁসুলিরা বলছেন, এই অপরাধের জন্য প্রতিষ্ঠানটির ১ লাখ ৯৩ হাজার ডলার পর্যন্ত জরিমানা হতে পারে।

পরিদর্শকেরা বলছেন, ট্রাকে থাকা ৩৫০টি কুমিরের মধ্যে ১২৪টি মৃত পাওয়া যায়। প্রতিষ্ঠানটি বন্যপ্রাণী সংরক্ষণ আইন ভঙ্গ করার অভিযোগে অভিযুক্ত হয়েছে।