লাস তেজেরিয়াস শহরে ভূমিধসে কমপক্ষে ২২ জনের প্রাণহানি হয়েছে
লাস তেজেরিয়াস শহরে ভূমিধসে কমপক্ষে ২২ জনের প্রাণহানি হয়েছে

ভেনেজুয়েলায় একটি শহরে ভূমিধসে ২২ জনের মৃত্যু, নিখোঁজ ৫০

ভেনেজুয়েলার লাস তেজেরিয়াস শহরে ভূমিধসে কমপক্ষে ২২ জনের প্রাণহানি হয়েছে। ৫০ জনের বেশি মানুষ নিখোঁজ আছেন। গতকাল রোববার দেশটির কর্তৃপক্ষ এ সংখ্যা জানিয়েছে। খবর এএফপির।

প্রবল বৃষ্টির কারণে সাম্প্রতিক মাসগুলোতে ভেনেজুয়েলায় বেশ কিছু মানুষকে প্রাণ হারাতে হয়েছে। এর মধ্যে গতকাল ভূমিধসে নতুন করে প্রাণহানির খবর দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। ভারী বৃষ্টির কারণে নদী প্লাবিত হয়ে এ ভূমিধস হয়।

গতকাল ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগুয়েজ স্থানীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে লাস তেজারিয়াসে ভূমিধসপরবর্তী পরিস্থিতির বর্ণনা দিয়েছেন। তিনি বলেন, ‘আমরা দেখছি, এখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, মানুষের প্রাণহানি হয়েছে। আমরা ইতিমধ্যে ২২ জনের মৃতদেহ পেয়েছি। ৫২ জনের বেশি মানুষ নিখোঁজ আছেন। এসব মানুষকে খুঁজে পেতে আমরা কাজ করছি।’

এএফপির প্রতিবেদনে বলা হয়, ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে। শহরের রাস্তায় রাস্তায় গাছ উপড়ে পড়ে আছে। কাদামাটি আর বিভিন্ন ধ্বংসাবশেষে রাস্তাগুলো ঢাকা পড়েছে।

রাজধানী কারাকাস থেকে ৫০ কিলোমিটার দূরে লাস তেজেরিয়াস শহরটির অবস্থান। এটি আরাগুয়া রাজ্যের অন্তর্ভুক্ত। ৫৫ বছর বয়সী কারমেন মেলেন্দেজ জন্ম থেকেই শহরটির বাসিন্দা। ভূমিধসের ঘটনা নিয়ে এএফপিকে তিনি বলেন, ‘গ্রামটি নিশ্চিহ্ন হয়ে গেছে। লাস তেজেরিয়াস নিশ্চিহ্ন হয়ে গেছে।’

ভেনেজুয়েলার স্বরাষ্ট্র ও আইনমন্ত্রী রেমিজিও চেবালোস এএফপিকে বলেন, হাজারখানেক মানুষ উদ্ধার তৎপরতায় যোগ দিয়েছেন। তিনি নিজেও সেখানে কাজ করেছেন।

স্থানীয় বাসিন্দারা ভূমিধসের কবলে পড়া ঘরবাড়িগুলোকে খুঁড়ে বের করার চেষ্টা করছেন। সেখানে স্বজনদের খুঁজে বেড়াচ্ছেন তাঁরা। ধ্বংসস্তূপে কেউ জীবিত অবস্থায় আটকে আছেন কি না, তা নিশ্চিত হতে উদ্ধারকারী দলগুলো অভিযান চালাচ্ছে।
আগের রাতে ভেনেজুয়েলার উত্তর দিক দিয়ে অতিক্রম করে যাওয়া ঘূর্ণিঝড় জুলিয়ার প্রভাব প্রসঙ্গে কথা বলতে গিয়ে চেবালোস বলেন, ‘জলবায়ু পরিবর্তনের কারণে আমরা প্রচুর ভূমিধসের সম্মুখীন হচ্ছি।’

দুর্যোগের এলাকা পরিদর্শন করেছেন চেবালোস। তিনি বলেন, ‘রেকর্ড বৃষ্টি হয়েছে।’ তাঁর মতে, সাধারণত এক মাসে যে পরিমাণ বৃষ্টি হয়, সেই পরিমাণ এক দিনেই হয়েছে। এত বেশি বৃষ্টির কারণে মাটি নরম হয়ে গেছে।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মৃত মানুষের স্মরণে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন।

এর আগে গত আগস্টে ভেনেজুয়েলার আন্দেসে ভারী বৃষ্টির কারণে ভূমি ও পাহাড়ধসে ১৫ জনের মৃত্যু হয়।

গত সেপ্টেম্বরে ভেনেজুয়েলার পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টির পর সৃষ্ট বন্যায় আটজনের মৃত্যু হয়।