জনবিচ্ছিন্ন আদিবাসী আওয়া জনগোষ্ঠীর কয়েকজন সদস্য। ব্রাজিলের মারানিয়াও রাজ্যের আরারিবোইয়া আদিবাসী এলাকায়, ১৭ নভেম্বর ২০২৬
জনবিচ্ছিন্ন আদিবাসী আওয়া জনগোষ্ঠীর কয়েকজন সদস্য। ব্রাজিলের মারানিয়াও রাজ্যের আরারিবোইয়া আদিবাসী এলাকায়, ১৭ নভেম্বর ২০২৬

আমাজন বনের আদিবাসী জনগোষ্ঠীর বিরল ছবি, সামনে এল তাদের বিপন্ন অবস্থার চিত্র

ব্রাজিলের আমাজন বনের দুর্গম এলাকা থেকে বেরিয়ে আসা একটি আদিবাসী জনগোষ্ঠীর বিরল কিছু ছবি প্রকাশ করা হয়েছে। আদিবাসী অধিকারকর্মীরা বলছেন, এসব ছবি কাঠুরে, শিকারি ও গবাদিপশুর খামারিদের কারণে জনগোষ্ঠীটি যে হুমকিতে রয়েছে, তা সামনে এনেছে।

যুক্তরাজ্যভিত্তিক আদিবাসী অধিকার সংগঠন সারভাইভাল ইন্টারন্যাশনাল মঙ্গলবার (১৭ নভেম্বর) ছবিগুলো প্রকাশ করেছে। সংগঠনটি জানায়, আগের দিন ব্রাজিলের উত্তর–পূর্বাঞ্চলীয় মারানিয়াও রাজ্যে একটি সরকারি দলের সামনে আসেন আওয়া জনগোষ্ঠীর প্রায় ২০ জন সদস্য। তাঁরা সাধারণত বাইরের মানুষের সঙ্গে যোগাযোগ এড়িয়ে চলেন। তাঁরা খাবার চেয়েছেন।

সংগঠনটি ঘটনাটিকে ‘ঐতিহাসিক সাক্ষাৎ’ বলে বর্ণনা করেছে।

সারভাইভাল ইন্টারন্যাশনালের সংজ্ঞা অনুযায়ী, ‘যোগাযোগবিচ্ছিন্ন’ জনগোষ্ঠী বলতে এমন আদিবাসীদের বোঝায়, যাঁরা বাইরের জগৎ সম্পর্কে জানলেও বাইরের মানুষের সঙ্গে যোগাযোগ এড়িয়ে চলেন। তাঁদের সঙ্গে এসব মানুষের স্থায়ী কোনো সম্পর্কও নেই।

আমাজন বিশ্বের বৃহত্তম চিরহরিৎ বন। সাম্প্রতিক দশকগুলোয় অবৈধ খনিশ্রমিক, কাঠুরে ও গবাদিপশুর খামারিদের অনুপ্রবেশে এই বনের বিভিন্ন বিচ্ছিন্ন আদিবাসী জনগোষ্ঠী হুমকিতে পড়েছে।

সংগঠনটি বলেছে, সাম্প্রতিক ইতিহাসে আওয়াদের এভাবে এগিয়ে আসার নজির নেই। অন্তত কয়েক দশকে এমন ঘটনা ঘটেনি। তাদের ধারণা, নিজেদের ভূখণ্ডে বহিরাগতদের অনুপ্রবেশের চাপে পড়ে আওয়ারা খাবার চাইতে এসে থাকতে পারেন।

স্বাস্থ্যঝুঁকি কমাতে বিশেষ পরিকল্পনা

ব্রাজিলের আদিবাসী–বিষয়ক সংস্থা ফুনাই বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ঘটনার বিবরণ পর্যালোচনা করছে তারা। এসব ভিডিও ও বিবরণে মারানিয়াওয়ের আরারিবোইয়া আদিবাসী ভূখণ্ডের একটি গ্রামে বিচ্ছিন্ন আওয়াদের যোগাযোগ করতে দেখা গেছে।

ফুনাই জানিয়েছে, এ ধরনের যোগাযোগের পরিস্থিতি সামাল দিতে তারা একটি জরুরি পরিকল্পনা কার্যকর করেছে। আদিবাসীদের স্বাস্থ্যঝুঁকি যতটা সম্ভব কমিয়ে আনাই এর মূল লক্ষ্য।

সংস্থাটি আরও জানিয়েছে, ব্রাজিল সরকার এই জনগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করছে না। তাদের সঙ্গে যোগাযোগের উদ্যোগ না নেওয়ার নীতিই এখন পর্যন্ত বহাল রয়েছে।

ফুনাইয়ের তথ্য অনুযায়ী, আওয়ারা মারানিয়াওয়ের উত্তর–পশ্চিমাঞ্চলের তুপি–গুয়ারানি জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত। তাঁদের একটি অংশ স্বেচ্ছায় বিচ্ছিন্ন জীবন যাপন করে।

সারভাইভাল ইন্টারন্যাশনাল জানিয়েছে, ‘গার্ডিয়ানস অব দ্য আমাজন’ নামে পরিচিত আদিবাসীদের একটি দলের অনুরোধে ছবিগুলো প্রকাশ করেছে তারা। দলটি অবৈধভাবে গাছ কাটা ও গবাদিপশুর খামার স্থাপনের বিরুদ্ধে কাজ করে।

রয়টার্স ভিডিও চিত্র ধারণের স্থান ও তারিখ যাচাই করতে পারেনি। তবে গতকাল মঙ্গলবারের (১৭ নভেম্বর) আগে অনলাইনে এর কোনো সংস্করণ পাওয়া যায়নি।

চারদিক থেকে অনুপ্রবেশের চাপ

আমাজন বিশ্বের বৃহত্তম চিরহরিৎ বন। সাম্প্রতিক দশকগুলোয় অবৈধ খনিশ্রমিক, কাঠুরে ও গবাদিপশুর খামারিদের অনুপ্রবেশে এই বনের বিভিন্ন বিচ্ছিন্ন আদিবাসী জনগোষ্ঠী হুমকিতে পড়েছে।

বিচ্ছিন্ন আওয়ারা চরম চাপের মধ্যে আছেন। তাঁদের ভূখণ্ডের চারদিক থেকে বহিরাগতরা ঢুকে পড়ছে। এতে আমাজনের ক্রমেই ছোট হয়ে আসা একটি বনখণ্ডে তাঁরা আটকা পড়ছেন। চারপাশে চলছে ধ্বংসযজ্ঞ।
ক্যারোলিন পিয়ার্স, পরিচালক, সারভাইভাল ইন্টারন্যাশনাল

সারভাইভাল ইন্টারন্যাশনালের পরিচালক ক্যারোলিন পিয়ার্স বলেন, বিচ্ছিন্ন আওয়ারা চরম চাপের মধ্যে আছেন। তাঁদের ভূখণ্ডের চারদিক থেকে বহিরাগতরা ঢুকে পড়ছে। এতে আমাজনের ক্রমেই ছোট হয়ে আসা একটি বনখণ্ডে তাঁরা আটকা পড়ছেন। চারপাশে চলছে ধ্বংসযজ্ঞ।

সংগঠনটি দক্ষিণ আমেরিকা, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১০টি দেশে বাইরের মানুষের সঙ্গে যোগাযোগ এড়িয়ে চলা ১৯৬টি আদিবাসী জনগোষ্ঠী চিহ্নিত করেছে। তাদের হিসাবে, এসব জনগোষ্ঠীর প্রায় ৯৫ শতাংশই আমাজনে রয়েছে। শুধু ব্রাজিলেই রয়েছে ১২৪টি।

মারানিয়াওয়ের আদিবাসীদের সংগঠন কোয়াপিমা মঙ্গলবার বলেছে, আওয়াদের সঙ্গে এ সাক্ষাৎ বিচ্ছিন্ন জনগোষ্ঠীর সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোর সতর্ক থাকার প্রয়োজনীয়তা তুলে ধরেছে।

সংগঠনটি বলেছে, অপরিকল্পিত যোগাযোগবিচ্ছিন্ন আদিবাসীদের ঝুঁকিতে ফেলতে পারে। বিশেষ করে রোগের সংস্পর্শে আসা এবং তাঁদের নিরাপত্তা ও অখণ্ডতার ওপর অন্য হুমকিগুলো বিবেচনায় নিতে হবে।