উড়োজাহাজ দুর্ঘটন
উড়োজাহাজ দুর্ঘটন

ভেনেজুয়েলা সীমান্তের কাছে কলম্বিয়ার উড়োজাহাজ বিধ্বস্ত, আইনপ্রণেতাসহ নিহত ১৫

ভেনেজুয়েলা–সংলগ্ন কলম্বিয়ার পূর্বাঞ্চলের সীমান্তে একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এতে কলম্বিয়ার একজন আইনপ্রণেতাসহ ১৫ জন আরোহীর সবাই নিহত হয়েছেন। কলম্বিয়ার পরিবহন মন্ত্রণালয় তথ্যটি নিশ্চিত করেছে।

অনলাইনে দেওয়া এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, এ ঘটনায় দেশ শোকে স্তব্ধ পড়েছে।

সংবাদ সম্মেলনে কলম্বিয়ার পরিবহনমন্ত্রী মারিয়া ফার্নান্দা রোজাস নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি জানান, এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

মারিয়া বলেন, এ পরিস্থিতি সংশ্লিষ্ট যেকোনো পরিবারের জন্যই অত্যন্ত জটিল ও বেদনাদায়ক। রাষ্ট্রের পক্ষ থেকে আমরা প্রয়োজনীয় কাজ, প্রটোকল ও প্রক্রিয়া অনুসরণ করছি—যাতে পরিস্থিতি মোকাবিলা করা যায় এবং দায়িত্বশীল তথ্য জনগণের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হয়।

দুর্ঘটনার প্রকৃত কারণ ও পরিস্থিতি সম্পর্কে এখনো অনেক কিছুই অজানা। তবে প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, নিহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন উড়োজাহাজটির দুজন ক্রু, দেশটির কংগ্রেসের একজন সদস্য, দেশের আসন্ন নির্বাচনের একজন প্রার্থী।

সরকার পরিচালিত বাণিজ্যিক এয়ারলাইনস সাতেনা দুর্ঘটনাকবলিত উড়োজাহাজটি পরিচালনা করছিল। ভেনেজুয়েলার সীমান্ত–সংলগ্ন নর্থ সান্তানদার বিভাগের কুকুটা শহর থেকে ওকানা শহরে যাচ্ছিল। একপর্যায়ে উড়াজাহাজটির সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর সেটি রাডার থেকেও হারিয়ে যায়।

স্থানীয় বিমান ট্রাফিক নিয়ন্ত্রণ সূত্র জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুরে ওকানা শহরে অবতরণের ১১ মিনিট আগে উড়োজাহাজটি যেই উচ্চতায় উড়ছিল, তা হঠাৎ কমে গিয়েছিল।