যুক্তরাষ্ট্রে কলম্বিয়ার মাদকসম্রাট ওতোনিয়েলের ৪৫ বছরের কারাদণ্ড

দাইরো আন্তোনিও উসুগা ডেভিড ‘ওতোনিয়েল’ নামে বেশি পরিচিত
 ছবি: রয়টার্স ফাইল ছবি

কলম্বিয়ার মাদকসম্রাট দাইরো আন্তোনিও উসুগা ডেভিডকে যুক্তরাষ্ট্রের আদালতে ৪৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। মাদক চোরাচালানের অভিযোগে দোষী সাব্যস্ত করে গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট আদালতের বিচারক তাঁর বিরুদ্ধে এ রায় ঘোষণা করেন।

দাইরো আন্তোনিও উসুগা ডেভিড ‘ওতোনিয়েল’ নামেই বেশি পরিচিত। মাদক চোরাচালানের অভিযোগে ব্রুকলিনের ফেডারেল আদালতে তাঁর বিরুদ্ধে শুনানি হয়। যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট আদালতের বিচারক ডোরা ইরিজারি তাঁর বিরুদ্ধে সাজা ঘোষণা করেন।

কৌঁসুলিরা বলেন, পাবলো এসকোবারের পর ৫১ বছর বয়সী ওতোনিয়েল হলেন কলম্বিয়ার সবচেয়ে সহিংস চোরাচালানকারী। তিনি ক্ল্যান দেল গলফো নামের একটি কার্টেলের নেতা ছিলেন। ক্ল্যান দেল গলফো অথবা গালফ ক্ল্যানে এক হাজারের বেশি সশস্ত্র সদস্য আছেন।

কৌঁসুলিরা ওতোনিয়েলের বিরুদ্ধে ৪৫ বছরের কারাদণ্ড ঘোষণার আবেদন জানান। তাঁরা আরও বলেন, প্রায় দুই দশক ধরে তিনি একটি ‘জঙ্গি এবং আধা সামরিক’ সংস্থার নেতৃত্বে ছিলেন।

ব্রুকলিনে যুক্তরাষ্ট্রের অ্যাটর্নির কার্যালয়ের নথিতে বলা হয়, প্রতিদ্বন্দ্বী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতাকারী ব্যক্তিদের হত্যা, অপহরণ ও নির্যাতনের নির্দেশ দিতেন ওতোনিয়েল।

ওতোনিয়েলের পক্ষের আইনজীবীরা তাঁদের মক্কেলকে ২৫ বছরের বেশি সাজা না দেওয়ার আবেদন জানিয়েছিলেন। তাঁরা যুক্তি দেখান, দরিদ্র পরিবারে জন্ম নেওয়া ওতোনিয়েল কলম্বিয়ায় সংঘাত চলাকালে শিশু সেনা হিসেবে কাজ করেছেন। বামপন্থী বিদ্রোহী, ডানপন্থী আধা সামরিক বাহিনী, অপরাধী সংগঠন এবং সরকারের মধ্যে এ সংঘাত হয়েছিল। আইনজীবীরা আরও বলেন, তাঁদের মক্কেল দোষ স্বীকার করেছেন।

২০২১ সালের অক্টোবরে পানামাসংলগ্ন সীমান্ত থেকে কলম্বিয়ার সশস্ত্র বাহিনী ওতোনিয়েলকে গ্রেপ্তার করে।

২০২২ সালের মে মাসে কলম্বিয়া সরকার তাঁকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করে। শর্ত দেওয়া হয়, যুক্তরাষ্ট্রে তাঁকে আজীবন কারাদণ্ড দেওয়া হবে না। চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের আদালতে ওতোনিয়েলকে দোষী সাব্যস্ত করা হয়।