ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারো
ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারো

গৃহবন্দী থাকবেন বলসোনারো

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারো গত শুক্রবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। তবে তাঁকে সরাসরি বাড়িতে স্থানান্তর করা হয়েছে। সেখানে তিনি অন্তত তিন মাস ‘মানবিক বিবেচনায় গৃহবন্দী’ থাকবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ৭১ বছর বয়সী বলসোনারো বর্তমানে ২৭ বছরের কারাদণ্ড ভোগ করছেন। ২০২২ সালের নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার কাছে পরাজিত হওয়ার পর ক্ষমতা ধরে রাখতে অভ্যুত্থানের ষড়যন্ত্র করার অভিযোগে গত নভেম্বরে তাঁকে এই সাজা দেওয়া হয়।

সুপ্রিম কোর্টের বিচারপতি আলেকজান্ডার ডি মোরায়েস স্বাস্থ্যগত উদ্বেগের কারণে চলতি সপ্তাহের শুরুতে বলসোনারোকে ৯০ দিনের জন্য গৃহবন্দী থাকার অনুমতি দেন। এই মেয়াদ শেষ হওয়ার পর তাঁর শারীরিক অবস্থা আবার মূল্যায়ন করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত ব্রাজিলের শাসনক্ষমতায় থাকা বলসোনারো চলতি মাসের শুরুতে তীব্র নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ব্রাসিলিয়ার একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি হয়েছিলেন।