অ্যারিজোনায় পয়লা বৈশাখ উপলক্ষে টেমপি সিটির কিওনাস পার্কে বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়েছে। সেদিন এই পার্কে আমেরিকায় বসবাসরত বাঙালিদের যেন মিলনমেলা বসেছিল।
বৈশাখী মেলায় শাড়ি, গয়না, বই, শিকড় বাংলা স্কুল, মেডিকেল বুথ, মেহেদি ও ফেস পেইন্টের স্টল ছিল। এ ছাড়া মুখরোচক সব খাবারের দোকানে ছিল উপচে পরা ভিড়।
‘এসো হে বৈশাখ এসো এসো’ গানের মধ্য দিয়ে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। পরে নৃত্য পরিবেশন করেন অহনা, সেঁজুতি ও তাঁর দল। অনুষ্ঠানের মূল আকর্ষণ রেজার উপস্থাপনায় র্যাফেল ড্র। বৈশাখী মেলায় আসা সব শিশুদের ব্যাপের পক্ষ থেকে নববর্ষের উপহার দেওয়া হয়। শেষে ব্যাপের সভাপতি ডলার পুরো কমিটিকে সঙ্গে নিয়ে সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।