নিউইয়র্ক নগরের অ্যাস্টোরিয়া লাইনের দুটি স্টেশন মেরামত কাজের জন্য প্রায় আট মাসের বন্ধ থাকবে। মেট্রো ট্রান্সপোর্ট অথরিটি—এমটিএ জানিয়েছে, ২৩ অক্টোবর থেকে আট মাসের বেশি সময় ৩০ অ্যাভিনিউ ও ৩৬ অ্যাভিনিউ স্টেশন দুটির মেরামত তথা আধুনিকায়নের কাজ চলবে। ফলে এ সময় দুটি স্টেশনই বন্ধ রাখা হবে। বিষয়টি যাত্রীদের জানানোর জন্য এমটিএ আগামী সপ্তাহ থেকে স্বাভাবিক প্রচারণা শুরু করবে। কুইন্স বোরো প্লাজা জংশন থেকে ডিসমাস স্টেশন পর্যন্ত এই উড়াল রেলপথে ‘এন’ ও ‘ডব্লিউ’ ট্রেন চলাচল করে।
এমটিএ জানিয়েছে, একই লাইনে ব্রডওয়ে ও ৩৯ অ্যাভিনিউর আরও দুটি স্টেশন মেরামত ও আধুনিকায়নের কাজ পরবর্তী ধাপে আগামী বছরের জুলাই মাসে শুরু হবে। এ দুটি স্টেশন সাত মাস বন্ধ থাকতে পারে।
মেরামতের পর স্টেশনগুলো আরও পরিচ্ছন্ন, ঝকঝকে উজ্জ্বলতর ও রেল চলাচল আরও আরামপদ হবে। এমটিএ কর্তৃপক্ষ নগরীর ৩০টি স্টেশন মেরামত ও আধুনিকায়নের সিদ্ধান্ত নিয়েছে। তারই অংশ হিসেবে অ্যাস্টোরিয়ার ৩০ অ্যাভিনিউ ও ৩৬ অ্যাভিনিউ স্টেশন দুটির মেরামত করা হচ্ছে। বলা প্রয়োজন, এ উড়াল রেলপথ আনুমানিক ১১০ বছর আগে নির্মিত হয়।