
নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে শ্রী শ্রী গীতা সংঘের উদ্যোগে আগামী ২২ জানুয়ারি সংঘের প্রার্থনা হলে বিদ্যা ও ললিতকলার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর পূজা উদ্যাপিত হবে। ওই দিন সকাল থেকেই মঙ্গলালোকে উদ্ভাসিত ধূপ-ধূনোর গন্ধে মাতোয়ারা ধরণিতে বেজে উঠবে শান্তির মোহনীয় সুর।
সনাতন হিন্দু সম্প্রদায়ের কাছে দেবী সরস্বতী হলেন জ্ঞান-বিদ্যা-সংস্কৃতি ও শুভ্রতার দেবী। তাঁর সৌম্য অবয়ব, শুভ্র বসন, হংস সংবলিত পুস্তক ও বীণাধারিনী দেবী সনাতনী হিন্দুদের হৃদয়ে এমনভাবেই বিরাজিত। অনন্তকাল ধরে শিক্ষাকে উঁচু স্তরে আসীন করা হয়েছে সনাতন ধর্মে।
ঋষিরা ব্রহ্মের অনন্ত শক্তির অংশকে একেকজন দেব-দেবীরূপে কল্পনা করেছেন। ব্রহ্মের যে শক্তি বিদ্যা শিক্ষা দান করেন তাঁকে সরস্বতী দেবী জ্ঞানে পূজা অর্চনা করা হয়। যে কারণে শাস্ত্রে বলা হয়েছে, চতুর্ভুজা ব্রহ্মের মুখ থেকে আবির্ভূতা শুভ্রবর্ণা বীনাধারিনী চন্দ্রের শোভা যুক্তা দেবীই হলেন সরস্বতী। সরস্বতীর ধ্যান, প্রণামমন্ত্র ও স্তব মালা থেকে সামগ্রিক রূপটি হলো-‘তিনি শুভ্রবর্ণা শ্বেত পদ্মাসনা, শ্রীহস্তে লেখনী, পুস্তক ও বীণা’।
আটলান্টিক কাউন্টিতে বসবাসরত হিন্দু সম্প্রদায়ের লোকজন ওই দিন সকালে পুরোহিতের পূজা অর্চনা শেষে দেবী সরস্বতীর পদচারণে অঞ্জলি ও পুষ্পার্ঘ্য অর্পণ করবেন। অঞ্জলি অর্পন শেষে সমবেত ভক্তকুলের মাঝে প্রসাদ বিতরণ করা হবে।
এ ছাড়া সন্ধ্যায় সন্ধ্যারতি ও সরস্বতী দেবীর পূজা উপলক্ষে শিশু-কিশোরদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। সাংস্কৃতিক অনুষ্ঠানে শিশু-কিশোরেরা সমবেত সংগীত, একক সংগীত, একক ও দলীয় নৃত্য, কবিতা আবৃত্তি করবে। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে মহাপ্রসাদ বিতরণের মাধ্যমে সরস্বতী পূজার দিনব্যাপী কর্মসূচি শেষ হবে।