
যুক্তরাষ্ট্রে আবারও ঘটল বন্দুক সহিংসতা। এবার মেরিল্যান্ড অঙ্গরাজ্যের স্মিথবার্গ শহরে এক কারখানা কর্মীর গুলিতে তাঁর তিন সহকর্মী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন। পরে মেরিল্যান্ড অঙ্গরাজ্য পুলিশের গুলিতে আহত হন বন্দুকধারী ব্যক্তি।
স্থানীয় কর্তৃপক্ষের বরাতে নিউইয়র্ক টাইমস এ তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ইউভালডে এবং নিউইয়র্কের বাফেলোতে বন্দুক হামলার রেশ না কাটতেই নতুন এ হামলা হলো।
স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার স্মিথবার্গে কলম্বিয়া মেশিন কোম্পানির কারখানায় এ হামলা হয়। বাল্টিমোর শহর থেকে ঘটনাস্থলের দূরত্ব প্রায় ৭০ মাইল উত্তর–পশ্চিমে। বন্দুকধারীর হামলার খবর পেয়ে বেলা প্রায় আড়াইটার দিকে ওয়াশিংটন কাউন্টি শেরিফের কার্যালয়ের ডেপুটিরা স্মিথবার্গের কাছে ওই ঘটনাস্থলে যান। শেরিফের কার্যালয় বলেছে, তাদের দলটি সেখানে পৌঁছানোর আগেই ওই হামলাকারী ব্যক্তি পালিয়ে যান। শেরিফের ডেপুটিরা ঘটনাস্থলে তিনজনের মরদেহ এবং একজনকে আহত অবস্থায় উদ্ধার করেন।
শেরিফের কার্যালয় জানিয়েছে, হামলাকারী ও তাঁর গাড়ি সম্পর্কে বর্ণনা শুনে এক সন্দেহভাজনকে শনাক্ত করেছেন মেরিল্যান্ড অঙ্গরাজ্য পুলিশের সদস্যরা। তাঁরা ওই ব্যক্তির গাড়ি থামানোর চেষ্টা করামাত্রই তিনি একটি আধা স্বয়ংক্রিয় বন্দুক থেকে গুলি ছুড়তে শুরু করেন। এতে পুলিশের এক সদস্য আহত হন। এরপর পুলিশ সদস্যরা পাল্টা গুলি ছুড়লে সন্দেহভাজনও আহত হন।
আহত পুলিশ সদস্যকে একটি হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে। তবে ওই সন্দেহভাজনের শারীরিক অবস্থা সম্পর্কে জানা যায়নি।
হামলার উদ্দেশ্য কী ছিল, সে সম্পর্কেও তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। নিহত কারখানা কর্মীরা হলেন ৫০ বছর বয়সী মার্ক এ ফ্রে, ৩১ বছর বয়সী চার্লস ই মিনিক জুনিয়র এবং ৩০ বছর বয়সী জশুয়া আর ওয়ালেস। গুরুতর আহত ব্যক্তির নাম ব্রান্ডন সি মাইকেল। তাঁর বয়স ৪২ বছর।
নিউইয়র্ক টাইমসের ওই প্রতিবেদনে বলা হয়, এ ব্যাপারে প্রতিক্রিয়া জানতে কলম্বিয়া মেশিন কোম্পানিকে ফোন করে ও ই–মেইল পাঠিয়ে তাৎক্ষণিক সাড়া পাওয়া যায়নি।
ওয়াশিংটন কাউন্টি শেরিফের কার্যালয়ের শেরিফ ডগলাস ডব্লিউ মুলেনডোর বলেন, সন্দেহভাজন ব্যক্তির বয়স ২৩ বছর। তিনি ওয়েস্ট ভার্জিনিয়ার বাসিন্দা। তবে ওই ব্যক্তির বিরুদ্ধে এখনো অভিযোগ গঠন না করায় তাঁর নাম প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
শেরিফের কার্যালয় থেকে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই এবং ব্যুরো অব অ্যালকোহল, টোব্যাকো, ফায়ার আর্মস অ্যান্ড এক্সপ্লোসিভস (তামাক ও আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ)সহ কয়েকটি কেন্দ্রীয় সংস্থা তদন্তে সহযোগিতা করছে।
কলম্বিয়া মেশিন হল একটি বেসরকারি কোম্পানি। ১৯৩৭ সালে এটি প্রতিষ্ঠা করা হয়। বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য স্বয়ংক্রিয় সরঞ্জামের ডিজাইন তৈরি ও উৎপাদন করে থাকে তারা। শতাধিক দেশে তাদের ব্যবসা পরিচালিত হয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিবৃতিতে মেরিল্যান্ডের সিনেটর ক্রিস ভান বলেন, ‘আমাদের দেশ ও জাতি যখন একের পর এক ট্র্যাজেডির মধ্যে আছে, তখনই এই ভয়াবহ গোলাগুলি হলো। এটি বন্ধ করতে হবে। আমাদের জনগণের ওপর নির্বিচার গুলি ও বন্দুক সহিংসতার ঘটনায় প্রতিদিন যত মৃত্যুর ঘটনা ঘটছে, তা ঠেকাতে আমাদের ব্যবস্থা নিতে হবে।’