এলজিবিটি কমিউনিটি থেকে আসছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি?

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি
ছবি: রয়টার্স

হোয়াইট হাউসের বর্তমান প্রেস সেক্রেটারি জেন সাকি আগামী বছরের মধ্যে দায়িত্ব থেকে সরে যাবেন বলে ঘোষণা দিয়েছেন। ৬ মে সংবাদ সম্মেলনে জেন সাকির এই ঘোষণা দেওয়ার পর পরবর্তী সম্ভাব্য প্রেস সেক্রেটারি নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। পরবর্তী প্রেস সেক্রেটারি হিসেবে যে দুজনের নাম আলোচনায় এসেছে, তাঁরা দুজনই এলজিবিটি কমিউনিটির সদস্য হিসেবে পরিচিত। এলজিবিটি কমিউনিটির কেউ যদি হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হিসেবে নিয়োগ পান, তাহলে তা ইতিহাস সৃষ্টি করবে।

পরবর্তী প্রেস সেক্রেটারি হিসেবে নাম আসা ওই দুজন হলেন—হোয়াইট হাউসের প্রিন্সিপাল ডেপুটি প্রেস সেক্রেটারি কারিন জিন পিয়েরে ও মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র হিসেবে কর্মরত নেড প্রাইস।

যোগাযোগের ক্ষেত্রে ভিন্নতা আসার অনেক অবকাশ রয়েছে। প্রেস সেক্রেটারি হিসেবে আবারও কোনো নারী বা তাঁর চেয়েও ভিন্ন কেউ আসতে পারেন
জেন সাকি, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি

জেন সাকি নিউইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, যোগাযোগের ক্ষেত্রে ভিন্নতা আসার অনেক অবকাশ রয়েছে। প্রেস সেক্রেটারি হিসেবে আবারও কোনো নারী বা তাঁর চেয়েও ভিন্ন কেউ আসতে পারেন বলে তিনি ইঙ্গিত দিয়েছেন।

প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা গ্রহণের পর আগের চার বছরের তুলনায় হোয়াইট হাউসের প্রেস ব্রিফিং অনেকটাই বদলে যায়। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময় হোয়াইট হাউস থেকে নিয়মিত প্রেস ব্রিফিং হতো না। হলেও উদারনৈতিক বলে পরিচিত সাংবাদিকদের প্রায়ই ট্রাম্পের তির্যক মন্তব্যের শিকার হতে হয়েছে। প্রেসিডেন্ট বাইডেন ক্ষমতা গ্রহণের পর থেকে জেন সাকি নিয়মিত প্রেস ব্রিফিং করে আসছেন। হোয়াইট হাউসের সংবাদ সম্মেলন কক্ষ অধিকাংশ সাংবাদিকের জন্য সহনশীল হয়ে উঠেছে। দক্ষ মুখপাত্র হিসেবে এ পর্যন্ত জেন সাকি ভালোই সামাল দিচ্ছেন বলে মনে করা হয়।

কারিন জিন পিয়েরে

জেন সাকির সম্ভাব্য প্রস্থানের পর প্রথম যার নাম আলোচিত হচ্ছে তিনি হচ্ছেন কারিন জিন পিয়েরে। হোয়াইট হাউসের প্রিন্সিপাল ডেপুটি প্রেস সেক্রেটারি হিসেবে কর্মরত পিয়েরে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসনে কাজ করেছেন। ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের প্রচারেও কাজ করেছেন পিয়েরে। কারিন জিন পিয়েরে হোয়াইট হাইসের প্রেস সেক্রেটারি হিসেবে নিয়োগ পেলে, তিনিই হবেন বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের প্রেসিডেন্টের প্রথম সমকামী প্রেস সেক্রেটারি।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র হিসেবে কর্মরত নেড প্রাইস

জেন সাকির অপর উত্তরাধিকার হিসেবে যার নাম আলোচনায় আসছে তিনিও এলজিবিটি কমিউনিটির পরিচিত মুখ। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র হিসেবে কর্মরত নেড প্রাইস পররাষ্ট্র দপ্তরের দক্ষ মুখপাত্র হিসেবে এর মধ্যেই সবার নজরে এসেছেন। আলোচিত এ দুজনের মধ্যে যেকোনো একজনই হোয়াইট হাউসের পরবর্তী প্রেস সেক্রেটারি হিসেবে দেখা যাবে এবং বিষয়টি আরেকটি ইতিহাস সৃষ্টি করবে বলে মার্কিন সংবাদমাধ্যমগুলো বলছে।