
কবি রাজুব ভৌমিকের লেখা গান গেয়েছেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী কুমার শানু। ‘নোয়াখাইল্লা মাইয়া’ শীর্ষক গানটির রেকর্ডিংয়ের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে।
বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন রাজুবের গ্রামের বাড়ি নোয়াখালী। তাঁর নোয়াখাইল্লা মাইয়া গানটি নোয়াখালীর মেয়েদের জয়গানে ভরপুর ভিন্নধর্মী একটি গান।
স্টুডিও জয়ার ব্যানারে নির্মিত গানটিতে সুর ও সংগীত পরিচালনা করেছেন রাজন সাহা।
শিল্পী কুমার শানু বলেন, ‘গানটি গেয়ে আমার খুব লেগেছে। গানটির কথা ও সুর বেশ চমৎকার। গানটি শুনে নোয়াখালীর মানুষ, বিশেষ করে মেয়েরা বেশ খুশি হবেন।’
গানটি গেয়ে আমার খুব লেগেছে। গানটির কথা ও সুর বেশ চমৎকার। গানটি শুনে নোয়াখালীর মানুষ, বিশেষ করে মেয়েরা বেশ খুশি হবেনশিল্পী কুমার শানু
স্টুডিও জয়ার কর্ণধার ও সংগীত পরিচালক রাজন সাহা বলেন, ‘গানের কথাতে একটি অঞ্চলের মেয়ের চারিত্রিক বৈশিষ্ট্য ফুটে উঠেছে, যা আমাকে গানের ভেতর মনোনিবেশ করতে সাহায্য করেছে। আমি মিউজিক ডাইরেক্ট রাজন সাহা বেড়ে ওঠার পেছনে নোয়াখালীর মানুষের অবদান সবচেয়ে বেশি। নোয়াখালী মানুষের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা থেকেই আমার এই কাজটি করা।’
রাজন সাহা বলেন, ‘বলিউডের প্লেব্যাক সুপার স্টার কুমার শানুর প্রায় সব গান শুনে শুনেই আমার বেড়ে ওটা। ওনার কণ্ঠে আমার সুর! সংগীত জীবনে এটা আমার অনেক বড় পাওয়া।’
রাজন সাহা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান গুণী গীতিকার রাজুব ভৌমিকের প্রতি। বলেন, ‘তিনি আমার ওপর আস্থা রেখেছেন। আসছে ইংরেজি নববর্ষে ‘নোয়াখাইল্লা মাইয়া’ শিরোনামের গানটি প্রযোজনা প্রতিষ্ঠান স্টুডিও জয়ার অফিশিয়াল ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে।’
গানটি নিয়ে কবি ও লেখক রাজুব ভৌমিক বলেন, ‘নোয়াখাইল্লা মাইয়া গানটি একটি ব্যতিক্রমধর্মী গান। আমার জন্ম নোয়াখালীতে এবং নোয়াখালীই আমার প্রথম প্রেম। নোয়াখালীর সবকিছু ভালোবাসি। তাই গানটি লিখতে বিন্দুমাত্র সমস্যাই হয়নি। বেশ আনন্দ পেয়েছি।’
রাজুব বলেন, ‘গানটির সুর করেছেন আমার প্রিয় সুরকার রাজন সাহা। কণ্ঠ দিয়েছেন প্রখ্যাত সংগীত শিল্পী কুমার শানু, যাঁর গান শুনতে শুনতে আমি বড় হয়েছি। এই গানের কথাতে নোয়াখালীর কিছু সচরাচর ব্যবহৃত শব্দ যোগ করেছি, যা শ্রোতাদের আনন্দ দেবে বলে আমার দৃঢ় বিশ্বাস।’