কৃষ্ণগহ্বর থেকে দুটি বিপুল প্রবাহে উত্তপ্ত গ্যাস উদ্গিরণের ঘটনা শনাক্ত করেছেন জ্যোতির্বিদেরা। কাছাকাছি একটি ছায়াপথের কেন্দ্রে ওই কৃষ্ণগহ্বরের অবস্থান। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার (নাসা) চন্দ্রা মহাকাশ দূরবীক্ষণযন্ত্রের এক্স-রে ছবিতে ওই গ্যাসপ্রবাহ উদ্গিরণের বিষয়টি ধরা পড়ে। খবর বিবিসির।
ঘটনাস্থল পৃথিবী থেকে ২ কোটি ৬০ লাখ আলোকবর্ষ দূরে। ছায়াপথটির নাম এনজিসি৫১৯৪, যা ‘ওয়ার্লপুল গ্যালাক্সির’ চেয়ে ছোট।
আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির (এএএস) ২২৭তম সম্মেলনে জ্যোতির্বিদেরা ওই মহাজাগতিক ঘটনার বিবরণ তুলে ধরেন। হার্ভার্ড-স্মিথসোনিয়ান সেন্টার ফর অ্যাস্ট্রোফিজিকসের গবেষক মেরি ম্যাকাচেক বলেন, তারকার গঠনের সঙ্গে ওই গ্যাস উদ্গিরণের সম্পর্ক থাকতে পারে। আর এ ঘটনায় স্পষ্ট হয় যে কৃষ্ণগহ্বর শুধু ধ্বংস করে না, সৃষ্টিও করে।
প্রচলিত ধারণা অনুযায়ী, কৃষ্ণগহ্বর বিভিন্ন গ্যাস ও নক্ষত্রকে নিজের দিকে টেনে নেয়। তাই সেখান থেকে গ্যাস উদ্গিরণের ঘটনাটি ব্যতিক্রমী। গবেষকেরা বলছেন, খুব বড় কোনো কিছু টেনে নেওয়ার পরই সম্ভবত কৃষ্ণগহ্বর ওই গ্যাসপ্রবাহ উদ্গিরণ করেছে।