গাড়িতে যৌনরোগে আক্রান্ত হওয়ায় ৫২ লাখ ডলার ক্ষতিপূরণ

ছবি: এএফপি

সঙ্গীর গাড়িতে যৌন সম্পর্কের পর যৌনবাহিত রোগ এইচপিভিতে আক্রান্ত হন যুক্তরাষ্ট্রের এক নারী। গাড়িটির বিমা কোম্পানি এ কারণে ওই নারীকে ৫২ লাখ মার্কিন ডলার ক্ষতিপূরণ দিয়েছে। খবর এএফপির।

মিজৌরি অঙ্গরাজ্যের বাসিন্দা ওই নারী অভিযোগ করেন, তাঁর ওই সঙ্গী হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) রোগে আক্রান্ত ছিলেন। কিন্তু সঙ্গী তা গোপন করে যান। গাড়িতে যৌন সম্পর্কের পর এইচপিভিতে আক্রান্ত হন ওই নারী।

ওই নারীর প্রকৃত নাম জানা যায়নি। আদালতে দাখিল নথি অনুযায়ী তাঁর নাম এমও। এইচপিভি রোগে আক্রান্ত হওয়ার পর তিনি গাড়ির বিমা কোম্পানির কাছ থেকে ৯৯ লাখ ডলার ক্ষতিপূরণ দাবি করেছিলেন।

বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। ক্ষতিপূরণ হিসেবে তাঁকে ৫২ লাখ ডলার দিতে বিমা কোম্পানিকে নির্দেশ দিয়েছেন আদালত।
আদালত বলেছেন, ‘বিমাকৃত গাড়িটির মালিকের এমওকে জানানো উচিত ছিল যে তিনি এইচপিভি রোগে আক্রান্ত। কিন্তু তিনি তা জানাননি।’

ক্ষতিপূরণ দিয়ে বিষয়টি সুরাহা করার জন্য ওই নারী প্রথমে গেইকো নামে ওই বিমা কোম্পানিকে একটি প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু তাঁর ওই প্রস্তাব প্রত্যাখ্যান করে গেইকো আদালতে যায়। আদালত ওই নারীকে ৫২ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয়। এ সপ্তাহে মিজৌরির আপিল আদালত আগের রায়ই বহাল রাখেন।

যুক্তরাষ্ট্রে যৌনবাহিত যেসব রোগে আক্রান্ত হওয়ার ঘটনা সবচেয়ে বেশি ঘটে তার একটি হলো এইচপিভি। এতে ক্যানসার আক্রান্তের ঝুঁকি অনেক বেশি। এইচপিভির টিকাও রয়েছে বাজারে।

বিমা কোম্পানিকে দেওয়া প্রাথমিক প্রস্তাবে ওই নারী বলেছিলেন, ২০১৭ সালের শেষ দিকে তাঁর সঙ্গীর গাড়িতে অরক্ষিত যৌন সম্পর্কের সময়ই তিনি এইচপিভি রোগে আক্রান্ত হন। এরপর চিকিৎসার জন্য যত ব্যয় হয়েছে ও হবে এবং এ জন্য যে মানসিক কষ্ট ও ভোগান্তি হবে তার ক্ষতিপূরণ দাবি করছেন তিনি।

এ ঘটনা নিয়ে টুইট করেছেন বিশ্বের শীর্ষ ধনী ও মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। তিনি বলেছেন, ‘মূর্খের মতো এসব ক্ষতিপূরণ দাবি গাড়ির বিমা খরচ বেশি হওয়ার একটা বড় কারণ। উন্মাদের মতো এসব ক্ষতিপূরণ দাবি করায় আইনি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে মামলা হওয়া উচিত।’