
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি নিউইয়র্ক চ্যাপ্টারের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ জানুয়ারি অনুষ্ঠিত এ সভা থেকে শরিয়ত বয়াতির মুক্তি দাবি করা হয়। একই সঙ্গে ১৯৭২ সালের সংবিধান পুনঃপ্রতিষ্ঠা করে যুদ্ধাপরাধী, জঙ্গি ও মৌলবাদমুক্ত এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার দাবি জানানো হয়।
২৬ জানুয়ারি জ্যামাইকার একটি মিলনায়তনে সংগঠনের সাধারণ সম্পাদক স্বীকৃতি বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সহসভাপতি মনির হোসেন।
শুরুতেই শহীদ জননী জাহানারা ইমাম, প্রতীতি দেবী, অধ্যাপক অজয় রায়, ফাতেমা কবীর ডানা, সৈয়দা রহিমা বেগম ও বীণাপানী রায়ের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন করা হয়। পরে আলোচনায় অংশ নেন মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্যসচিব গোলাম মোস্তফা, মূলধারার রাজনীতিক মোর্শেদ আলম, কবি হাসনাত আল আব্দুল্লাহ, সাংস্কৃতিক কর্মী গোপাল স্যানাল, সাংবাদিক নিনি ওয়াহেদ, অধ্যাপক হুসনে আরা বেগম, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি নিউইয়র্কে সহসভাপতি শফি চৌধুরী, মো. খসরু, জহিরুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা শরিয়ত বয়াতির মুক্তির দাবি জানিয়ে বলেন, পাকিস্তানি সাম্প্রদায়িক ও বৈষম্যমূলক শাসনব্যবস্থা ভেঙে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্দেশ্যে এই ভূখণ্ডের লাখো মানুষ মুক্তিযুদ্ধে প্রাণ দিয়েছেন। এ দেশ প্রতিষ্ঠার আন্দোলনের সঙ্গে গান ও সুর ওতপ্রোতভাবে জড়িত। এই দেশে একজন শিল্পীকে মামলা ও গ্রেপ্তারের মুখোমুখি করা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। অবিলম্বে শরিয়ত বয়াতিকে নিঃশর্ত মুক্তি দিতে হবে।