চট্টগ্রামের সিআরবি রক্ষায় ব্রুকলিনে নাগরিক সমাবেশ

সিআরবি রক্ষার দাবিতে নাগরিক সমাবেশে প্রবাসী বাংলাদেশিরা
সিআরবি রক্ষার দাবিতে নাগরিক সমাবেশে প্রবাসী বাংলাদেশিরা

প্রচলিত আইনকে অবজ্ঞা করে চট্টগ্রামের সিআরবি ধ্বংসের কাজে যারা জড়িত তাঁদের শাস্তি নিশ্চিত করতে হবে। পরিবেশ ও প্রকৃতি রক্ষার জন্য সারা বিশ্ব যখন ব্যাকুল তখন দেশের কেউ এমন কাজ করে পার পেয়ে যেতে পারেন না। এ নিয়ে বৃহত্তর নাগরিক ঐক্য গড়ে তুলে তাঁদের অপতৎপরতা রুখে দিতে হবে।

চট্টগ্রামের সিআরবি রক্ষার জন্য নিউইয়র্ক নগরের ব্রুকলিনে এক নাগরিক সমাবেশে ক্ষুব্ধ প্রবাসীরা এসব কথা বলেছেন। ১ আগস্ট নিউইয়র্কের বৃষ্টিকে উপেক্ষা করে সন্ধ্যা সাড়ে ছয়টার মধ্যেই উপস্থিত হয়েছিলেন সমাবেশের বেশির ভাগ লোকজন।

সচেতন নাগরিক সমাজ ও হেল্পিং হ্যান্ডস ফর চিটাগনিয়ান ইন্‌ক-এর যৌথ উদ্যোগে এই সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পরিচালক মীর কাদের রাসেল। সঞ্চালনায় ছিলেন অপর পরিচালক মোহাম্মদ নুরুল আনোয়ার। নাগরিক এ সমাবেশে কেউ এসেছেন সুদূর লং আইল্যান্ড থেকে, কেউবা কুইন্স থেকে। ফিলাডেলফিয়া, স্ট্যাটেন আইল্যান্ড ও ব্রঙ্কসের মানুষজনের উপস্থিতিতে সমাবেশ জনাকীর্ণ হয়ে উঠেছিল।

সমাবেশে উপস্থিত প্রবাসীরা বলছেন, হাসপাতাল চাই তবে শহরের অরক্ষিত রেলওয়ের অন্য কোনো জায়গায়। সবাই প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছেন।

বক্তারা বলেন, শহরের অনেক খালি জায়গা রয়েছে তার মধ্যে পাহাড়তলি হাজি ক্যাম্পে হাসপাতাল হতে পারে। পাহাড়তলি হাজি ক্যাম্পে হাসপাতালের জন্য পর্যাপ্ত জায়গা রয়েছে। বর্তমান সেখানে মাদকের অভয়ারণ্য হয়ে উঠেছে বলেও বক্তারা অভিযোগ করেন।

গত সপ্তাহে একই দাবি নিয়ে নগরের জ্যাকসন হাইটসের জমায়েতের পর ব্রুকলিনের সমাবেশও ছিল চোখে পড়ার মতো। অ্যাভিনিউ সি প্লাজার চত্বরে বিভিন্ন প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে সবাই সামাজিক দূরত্ব মেনে দাঁড়িয়ে ছিলেন সারিবদ্ধভাবে। সবার কণ্ঠে ধ্বনিত হয়েছে একটাই দাবি—সিআরবিতে কোনো স্থাপনা নয়। হাসপাতাল নির্মাণের পরিকল্পনা বাদ দিয়ে নতুন করে বিশেষজ্ঞ মতামতের ভিত্তিতে হাসপাতাল নির্মাণের ব্যবস্থা গ্রহণ করা হোক বলে তাঁরা দাবি জানান।

সমাবেশে প্রতিবাদী নৃত্য পরিবেশন করেন ফাসির কবির কাব্য। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন—সৈয়দ এম রেজা, মোহাম্মদ সেলিম, কামাল হোসেন, আজিজ নঈমী, আবু সাইদ, মহিউদ্দীন চৌধুরী, ইব্রাহীম দীপু, আবুল কাশেম, মোহাম্মদ আরিফুল ইসলাম, মোহাম্মদ ইকবাল হোসেন, রওশন হক, মোহাম্মদ শফি, অনুপ দাশ, ফরিদা শিরিন খান, মহিউদ্দীন আলমগীর, মোমেনা বেগম, এইচ বি রিতা, আমির হোসেন, ফারজিন রাকিবা প্রমুখ।

সভা থেকে অনতিবিলম্বে সিআরবিতে হাসপাতাল নির্মাণের পরিকল্পনা বাতিলের জোর দাবি জানানো হয়।