জাকাত ফাউন্ডেশনের খাদ্য বিতরণ অব্যাহত

ব্রুকলিনে খাদ্য বিতরণ করছেন জাকাত ফাউন্ডেশনের সদস্যরা
ব্রুকলিনে খাদ্য বিতরণ করছেন জাকাত ফাউন্ডেশনের সদস্যরা

নিউইয়র্কের পাঁচটি বরোতে জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার জরুরি খাদ্য সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে। জরুরি খাদ্য সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে ১২ সেপ্টেম্বর ব্রুকলিনের মুসলিম আমেরিকান সোসাইটি ইয়ুথ সেন্টারের সামনে ৩০ হাজার পাউন্ড খাদ্য বিতরণ করেছে সংগঠনটি।

জাকাত ফাউন্ডেশনের রিজিওনাল ম্যানেজার ইমরান আনসারী ১২ সেপ্টেম্বর সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলে মুসলিম আমেরিকান সোসাইটির অন্যতম পরিচালক হোসেইন রেবাহ, নোয়াখালী সোসাইটির সেক্রেটারি জাহিদ মিন্টুসহ বাংলাদেশসহ অন্যান্য দেশের কমিউনিটির নেতারা।

এ সময় ইমরান আনসারী বলেন, বিত্তবানদের সহায়তা পেলে জরুরি খাদ্য সহায়তা কার্যক্রম চালু রাখবে জাকাত ফাউন্ডেশন। এ সময় তিনি বিপুল এই খাদ্যসামগ্রী বিভিন্ন কমিউনিটির সদস্যদের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য নিউইয়র্কের কমিউনিটি নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানান।

এদিকে ৫ সেপ্টেম্বর ব্রঙ্কসে ল্যাটিনো মুসলিম কমিউনিটির সহায়তায় আরও ৩০ হাজার পাউন্ড খাদ্য বিতরণ করে সংগঠনটি। খাদ্য বিতরণ কার্যক্রমে সহযোগী সংগঠনগুলো হচ্ছে—মুসলিম আমেরিকান সোসাইটি, বাংলাদেশ সোসাইটি, ডেসিজ রাইজিং আপ অ্যান্ড মুভিং, ল্যাটিনো মুসলিম অব নিউইয়র্ক, নোয়াখালী সোসাইটি, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি, মুনাসহ বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবীরা। শিগগিরই নিউইয়র্কে একটি স্থায়ী খাদ্য ব্যাংক প্রতিষ্ঠা করা হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।