
নিউইয়র্কের সামাজিক সংগঠন জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির (জেবিএফএস) পক্ষ থেকে সপ্তাহব্যাপী খাদ্য বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। এতে প্রবাসীদের মধ্যে ব্যাপক সাড়া মিলেছে। যেসব পরিবার সরকারি সাহায্য-সহযোগিতা পাচ্ছেন না বা কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব পরিবারের হাতে সংগঠনের পক্ষ থেকে নিত্যপ্রয়োজনীয় বাজার ও তৈরি খাবার ‘রমজান উপহার’ হিসেবে দেওয়া হচ্ছে। এই কার্যক্রম ৭ দিন চলে বলে সংগঠন সূত্রে জানা গেছে।
ফ্রেন্ডস সোসাইটির সভাপতি মোহাম্মদ ফখরুল ইসলাম ও সাধারণ সম্পাদক সৈয়দ আল-আমিন বলেন, ৫ দিন ইফতার পরিবেশন করা হবে। তারপর পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে প্রয়োজনীয় গ্রোসারি সামগ্রী উপহার হিসেবে দেওয়া হবে। জেবিএফএসের পক্ষ থেকে এ ব্যাপারে প্রবাসী বাংলাদেশিদের সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে। সংশ্লিষ্ট পরিবারদের ফ্রেন্ডস সোসাইটির কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। জ্যামাইকার হিলসাইড অ্যাভিনিউয়ে ফাতেমা গ্রোসারির সামনে ৫ মে ইফতারি বক্স বিতরণের মধ্য দিয়ে এই খাদ্য বিতরণ কর্মসূচি শুরু হয়। এ সময় সংগঠনের উপদেষ্টা ও অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এ ছাড়া ১০ মে বিকেল ৫টায় জ্যামাইকা মুসলিম সেন্টারের সামনে থেকে ইফতারি বক্স বিতরণ করা হয়। ১২ মে পর্যন্ত খাদ্য বিতরণ কার্যক্রম চলে।