করোনার টিকা নেওয়ার বিনিময়ে নগদ ১০০ ডলার উপহার কর্মসূচি চালু হওয়ার চার দিনের মধ্যে নিউইয়র্কের ১১ হাজারের বেশি মানুষ এ সুযোগ নিয়েছে।
গত ৩০ জুলাই থেকে নিউইয়র্ক নগরে করোনা টিকার প্রথম ডোজ গ্রহীতাকে ১০০ ডলার করে উপহার দেওয়া হচ্ছে।
২ আগস্ট জানানো হয়েছে, প্রতিদিনই এখন টিকা নেওয়া লোকজনের সংখ্যা বাড়ছে। ১০০ ডলার উপহারের কারণে শত শত লোক টিকাকেন্দ্রে ভিড় করে টিকা নিতে উৎসাহী হয়ে উঠেছ।
নগরের মেয়র বিল ডি ব্লাজিও ৩ আগস্ট বলেছেন, ১০০ ডলারের কর্মসূচিটি খুব ভালো কাজ করছে। নানা সন্দেহ, সংশয় এবং ভুল তথ্যে বিশ্বাসী ছাড়াও বহু লোকজনের মধ্যে করোনার টিকা গ্রহণে সংশয় দেখা গেছে। জনগোষ্ঠীর ৭০ শতাংশের বেশি লোকজনকে টিকার আওতায় না আনা গেলে মহামারি মোকাবিলা কঠিন হয়ে পড়বে বলে স্বাস্থ্যসেবীরা বারবার সতর্ক করে আসছিলেন। ব্যাপক প্রয়াস নেওয়া হলেও করোনায় বহু মৃত্যুর নগর নিউইয়র্কে এখন পর্যন্ত ৬০ শতাংশের কিছু বেশি লোকজন অন্তত এক ডোজের টিকা গ্রহণ করেছে।
নিউইয়র্ক নগরের দেওয়া তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৫৫ শতাংশ লোকজন পূর্ণ ডোজ টিকা নিয়েছে।
নগরে কোভিড-১৯ এর রূপান্তরিত ডেলটা ধরনের সংক্রমণ ঘটছে। ডেলটার সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া লোকজনের অধিকাংশই টিকা না নেওয়াদের দলে।
যুক্তরাষ্ট্রের সর্বত্র টিকা প্রদানের জন্য লোকজনকে ব্যাপকভাবে উৎসাহিত করা হচ্ছে। নিউইয়র্কে ডেলটার সংক্রমণ বৃদ্ধির ফলে আবারও হোটেল, রেস্তোরাঁসহ বেশ কিছু ঝুঁকিপূর্ণ স্থাপনায় স্বাস্থ্য সতর্কতার নির্দেশনা জারি করা হয়েছে। বার, রেস্তোরাঁ ও ব্যায়ামাগারসহ থিয়েটারে প্রবেশের জন্য টিকা দেওয়ার প্রমাণ দেখাতে হচ্ছে।
গত ৩০ জুলাই থেকে চালু হওয়া এ কর্মসূচিতে প্রথম ডোজের টিকা গ্রহণ করার পরই নগদ ডেভিড কার্ডের মাধ্যমে অথবা ডাকযোগে ১০০ ডলারের চেক পাঠানো হচ্ছে টিকা গ্রহীতাদের কাছে।
মেয়র ব্লাজিও বলেছেন, নগর কর্তৃপক্ষ সর্বোচ্চ সংখ্যক লোকজনকে টিকা দেওয়ার জন্য আগ্রাসী পদক্ষেপ গ্রহণ করেছে।